অনুর্দ্ধ-১৮ জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপের গ্রুপ পর্যায়ের খেলায় সুনামগঞ্জ জেলা যুব দলকে ১-০ গোলে হারিয়ে সিলেট জেলা যুব ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী ধাপে উন্নীত হলো। জাতীয় পর্যায়ের একটি টুর্নামেন্টের সফল আয়োজন করায় আমরা সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল বিভাগ ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। সফল এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে পরবর্তীতে আরও জাতীয় প্রতিযোগিতার ভেন্যু হিসাবে এই জেলার দাবি জোরালো হলো। চ্যাম্পিয়ন সিলেট জেলা যুব ফুটবল দল ও রানার্সআপ সুনামগঞ্জ জেলা যুব ফুটবল দলের প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দকে আমরা অভিনন্দন জানাই।
প্রায় এক সপ্তাহ ধরে চলা এই টুর্নামেন্ট বিপুল দর্শকদের আকৃষ্ট করেছে। কোন ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই এই দর্শক সমাগম ফুটবল যে এখনও তৃণমূলের সবচাইতে জনপ্রিয় খেলা সেটি প্রমাণ করেছে। ফাইনাল খেলায় গতকাল স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। মাঠ ভর্তি দর্শক সারাক্ষণই নিজ দলকে উৎসাহ জুগিয়ে গেছেন। নিজেদের স্টেডিয়ামে খেলা হওয়ায় সংগত কারণেই সুনামগঞ্জ দলের সমর্থক সংখ্যা ছিল বেশি। কিন্তু নিজেদের দল হেরে গেলেও দর্শকরা কোন ধরনের অশোভন আচরণ করেন নি। স্বাভাবিক ভাবেই তাঁরা ফলাফল মেনে নিয়েছেন। দর্শকদের এই ক্রীড়াসুলভ মনোভাব ফুটবলের মহিমাই প্রচার করেছে অন্যদিকে এর মধ্য দিয়ে সুনামগঞ্জের সুনামও ছড়িয়ে পড়বে নিঃসন্দেহে। তাই আমরা বিশাল দর্শককূলের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করছি।
যেকোন খেলার প্রাণভোমরা হলো দর্শক। দর্শক না টানলে ওই খেলা কখনও জনপ্রিয় হতে পারে না। যাবতীয় অবজ্ঞা এবং পৃষ্ঠপোষকতার অভাব সত্বেও ফুটবলই বাংলাদেশের জনপ্রিয় খেলা। ফুটবলের প্রতি আপামর জনসাধারণের এই যে অন্তরের টান সেটিকে উপলব্ধি করতে হবে ফুটবল কর্তাদের। ফুটবলে আমরা বিশ্বমানে না পৌঁছাতে পারি, দক্ষিণ এশিয় মানে অবশ্যই পৌঁছুতে পারি। দক্ষিণ এশিয় মান থেকে এশিয় মানে পৌঁছার মতো যাবতীয় বাস্তবতা আমাদের রয়েছে। সুতরাং ফুটবলকে অবজ্ঞা-অবহেলা নয় একে অনেক বেশি পৃষ্ঠপোষকতা দান করা প্রয়োজন বলে আমরা মনে করি। সুনামগঞ্জে আশির দশক পর্যন্ত বহু টুনার্মেন্ট অনুষ্ঠিত হতো। জেলার জনপ্রিয় ফুটবলারদের নাম ঘরে ঘরে পরিচিত ছিলো। তাঁরা শহরে এবং জেলার সর্বত্র তারকাখ্যাতিতে সমাদৃত হতেন। আম্বিয়া, কন্টর, লাল, নীল, সবুজ, শমসের, গেন্ডা, আছদ্দর, তাপস, চিনু… এদের নাম জানত না এমন মানুষ খুঁজে পাওয়া ছিল তখন দুষ্কর। ছোট নাজিরের বদৌলতে আমাদের ফুটবল ঐতিহ্যের কথা সারা দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে গিয়েছিলো। সেই সুদিন গত হয়েছে বহু কাল। এখন স্টেডিয়ামে সুনসান নিরবতা বিরাজ করে বছর জুরে। নতুন ফুটবলার তৈরি হচ্ছে না। যারা তৈরি হচ্ছে ফয়সালের মতো তারা অকালে হারিয়ে যাচ্ছে। ফুটবল কর্তারা টুর্নামেন্ট আয়োজনে তেমন গরজ বোধ করেন না। অথচ মানুষ মুখিয়ে থাকেন সর্বদা একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট দেখার আশায়। মুখিয়ে যে থাকেন তার বড় প্রমাণ সদ্য সমাপ্ত জাতীয় যুব চ্যাম্পিয়নশীপ। এই দর্শকপ্রিয়তার বিষয়টি আমলে নিয়ে যথাযোগ্য পরিকল্পনা নিলে ফুটবলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। ক্রিকেটে যেমন আমরা বিশ্ব অঙ্গনে সমীহ আদায় করে নিয়েছি তেমনি ফুটবলেও এই সমীহ আদায় করা সম্ভব। অল্পতে হতাশ হলে চলবে না। যেহেতু সারা পৃথিবীতে বহু দেশ ফুটবল খেলে তাই ফুটবলে জায়গা পেতে অনেক ঘাম ঝরাতে হবে।
তাই আসুন ফুটবলকে আমরা ঢেলে সাজাই। তৃণমূলে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে ফুটবল রতœদের খুঁজে খুঁজে বের করি।

