ছাতক প্রতিনিধি
ছাতকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি। গত বৃহস্পতিবার ছাতক থানায় এ অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সাম্প্রতিক আলোচিত মামুনুল হক ঘটনার সাথে তার নাম ও মামুনুল হকের সাথে তার ছবি যুক্ত করে একটি ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার করায় জিডির মাধ্যমে তিনি আইনী সহায়তা প্রার্থনা করেন।
জানা যায়, আমি জয় বাংলার লোক নামক একটি ফেইক আইডিতে সম্প্রতি ঘটে যাওয়া ছাতক থানা ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনার সাথে তাকে জড়িত করে বিভ্রান্তিকর পোস্ট দেয়া হয়েছে। হেফাজতের সংগঠক ও উস্কানীদাতা হিসেবেও তাকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে এ পোস্টে।
সানি জানান, ছাত্রজীবন থেকেই আওয়ামী ঘরনার রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি। বিভিন্ন জাতীয় ও স্থানীয় আন্দোলনে রাজপথে ছিলেন। ফলে একাধিক রাজনৈতিক মামলায় আসামীও হয়েছেন তিনি। বিগত কয়েকে বছর ধরে পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি তিনি পৌর যুবলীগকে আরো সু-সংঘটিত করার পেছনে সময় দিচ্ছেন বলে তিনি জানান। বর্তমানে মামুনুল হক ইস্যুকে কাজে লাগিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষরা ফেইক আইডির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন। এসব অপপ্রচার থেকে বিরত থাকার আহবানও জানান তিনি।


