ফেনারবাঁকে চেয়ারম্যান প্রার্থী মতিউরের বিরুদ্ধে একজোট হয়ে অভিযোগ

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে আ.লীগ, বিএনপি, জামায়াত, খেলাফতসহ স্বতন্ত্র প্রার্থীরা এক হয়ে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এই অভিযোগকে একজন জনপ্রিয় প্রার্থীর বিরুদ্ধে অন্যদের একটি কৌশল বলে উল্লেখ করেছেন অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। লিখিত অভিযোগে দায়ের করেছেন আ. লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু তালুকদার, বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার চৌধুরী, জামায়াত অনুসারী প্রার্থী সিরাজুল হক ওলী, স্বতন্ত্র প্রার্থী সাধন চন্দ্র তালুকদার, নূরু মিয়া, হারুন অর রশীদ ও ইফতেখার চৌধুরী।
লিখিত অভিযোগে ৭জন প্রার্থী উল্লেখ করেন,‘আমরা ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। বিশ্বস্থ সূত্রে জানতে পারলাম কামধরপুর ভোট কেন্দ্রকে বিভক্ত করে আলীপুর গ্রামে আরেকটি সেন্টার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এই সাব সেন্টারে ভোট গ্রহণের বিরোধিতা করছি। কারণ বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থীর নিজ বাড়ি আলীপুর গ্রামে।’ অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, বর্তমান চেয়ারম্যান প্রভাবশালী ব্যক্তি। তার কারণে সুষ্ঠু ভোট ও গণনা ক্ষেত্রে কারচুপি হওয়ার আংশকা রয়েছে।
আলীপুর গ্রামের কৃষক আজমান আলী জানান, যারা অভিযোগ করেছেন তাদের প্রত্যেকের বাড়ীতেই কেন্দ্র আছে। আমরা কি দোষ করলাম, আমাদের কষ্ট করে অনেক দূর যেতে হয়। আমাদের কেন্দ্র কাটা হলে ফেনারবাঁক, কামধরপুরসহ অন্যান্য কেন্দ্রও কেটে নেওয়া হোক।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান বলেন,‘শুধু আমার গ্রাম বলে কথা নয়। বর্ষায় ও বৃষ্টিতে মানুষজন ভোট কেন্দ্রে যেতে পারে না । তাই মানবিক দিক বিবেচনা করে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করে আলীপুরে একটি ভোট কেন্দ্র স্থাপন করার ব্যবস্থা নিয়েছি।’
ফেনারবাঁক ইউনিয়নের রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ-উর-রহমান বলেন,‘কামধরপুর সেন্টারে ভোটার সংখ্যা ৩ হাজার ৩শত,আর রুম মাত্র ৩টি। কোন ভাবেই ওখানে স্থান হয় না। আলীপুরের মানুষকে কষ্ট করে কেন্দ্রে আসতে হয়। তাছাড়া আলীপুরে ভ্টোকেন্দ্র করার মত একটি সরকারী প্রতিষ্ঠান আছে। তাই জনগণের স্বার্থে ও কষ্ট লাঘব করতে আলীপুরে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে।’