ফেনারবাঁকে ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ হাতিয়ে নেয়ার চেষ্টা

আকবর হোসেন, জামালগঞ্জ
কর্মসৃজন, কারিটা, কাবিখা, টেষ্টরিলিফ (টিআর) প্রকল্পে শুধু অনিয়ম আর লুটপাট নয় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় খাতের বরাদ্দের মধ্যেও কাজ না করেই বরাদ্দের টাকা আত্মসাতের চেষ্টা চলছে। এলাকাবাসী কাজের বরাদ্দের বিষয়ে জানলে প্রকল্প চেয়ারম্যান নিজেই তাদের অনুগত ক’জনকে নিয়ে বরাদ্দের চার ভাগের এক ভাগ টাকা গ্রামবাসীর কাছে জমা দেওয়ার কথা থাকলে তাও জমা দেননি। আবার অন্য আরেক প্রকল্প চেয়ারম্যান কাজের জায়গায় পানি থাকার কথা স্বীকার করে অন্য জায়গায় কাজ করানোর কথা বলেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায় অফিস সূত্রে জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরের কাবিটা প্রকল্পের ২য় পর্যায়ের বরাদ্দে ফেনারবাঁক ইউনিয়নের কাশীপুর কালী মন্দিরে মাটি ভরাট প্রকল্পে ২ লক্ষ টাকা বরাদ্দ দিলে নামেমাত্র কালী গাছের গোড়ার মধ্যে ২ হাজার টাকার মাটি ফেলা হয়েছে বলে গ্রামের একাধিক ব্যক্তি জানিয়েছেন। যা নিয়ে এলাকার মধ্যে ব্যাপক গুঞ্জন ও আলোচনা রয়েছে। এই প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান ফেনারবাকের ইউপি সদস্যা নূরে জান্নাত লিপি।
একই ভাবে ২০১৬-১৭ অর্থ বছরের টেষ্ট রিলিফ (টিআর)প্রকল্পের ২য় পর্যায়ের বরাদ্দে লক্ষীপুর নতুন পাড়ায় ঈদগাহের মাটি ভরাট প্রকল্পে ২ লক্ষ টাকা বরাদ্দের কাজে কোন ধরনের কাজের চিহ্ন পাওয়া যায়নি। ঈদগাহ মাঠের মধ্যে পানি আর পানি। লক্ষীপুর ঈদগাহ মাঠের মধ্যে পানি থাকায় গেল ঈদ-উল-ফিতরের নামায আদায় করাও সম্ভব হয়নি বলে জানিয়েছেন লক্ষীপুর নতুন পাড়ার একাধিক মুসল্লি। এই প্রকল্পের প্রকল্প চেয়ারম্যান ফেনারবাক ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা।
কাশীপুর গ্রামের খগেন্দ্র দাস বলেন, কালীগাছের  (প্রথম পৃষ্ঠার পর)
গোড়ায় কিছু টাকার মাটি দিছে আর বাকী টাকা নাকি চেয়ারম্যান বাবুর কাছে আছে, আমরারে মেম্বার বেডির জামাই জানাইছে।
কাশীপুরের কালী মন্দিরের বিষয়ে কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি তালুকদার বলেন, প্রকল্প চেয়ারম্যান ২ লক্ষ টাকা বরাদ্দের মধ্যে গ্রামবাসীকে এক লক্ষ টাকা বরাদ্দেও কথা শুনিয়েছেন, এই কাজে অল্প কিছু মাটি কেটে কালী গাছের গোড়ায় দেওয়া হয়েছে।
লক্ষীপুর বড় পাড়ার নিজাম উদ্দিন তালুকদার বলেন, ঈদগাহে ৮০ হাজার টাকার বরাদ্দের কথা মেম্বার জানিয়েছে, এর মধ্যে মেম্বার ৮-১০ হাজার টাকার কাজ করেছে, আমরা পরে জানতে পারছি ঈদগাহের নামে ২ লক্ষ টাকার বরাদ্দ হয়েছে।
কাশীপুর কালী মন্দিরের প্রকল্প চেয়ারম্যান নূরে জান্নাত লিপি বলেন, আপনারা কাশীপুর গ্রামবাসীকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন কি রকম কাজ করছি। কালী গাছের গোড়ায়, মাটি দিছি, বস্তাও দিছি। বালু মাটির লাইগা পানি মাটি ধুইয়া নিছে গা।
লক্ষীপুর ঈদগাহের প্রকল্প চেয়ারম্যান রফিকুল ইসলাম রানা বলেন, লক্ষীপুর ঈদগাহ মাঠে পানি থাকায় কাজ করা সম্ভব হয়নি। পানি কমে গেলে কাজ করানো হবে । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, ইতিমধ্যে উন্নয়ন কাজের তদারকির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী বলেন, উন্নয়ন প্রকল্পের ব্যাপারে কোন অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। তদন্ত কমিটি তদন্ত অব্যাহত রেখেছেন। যে প্রকল্পে যতটুকু কাজ হবে সেই পরিমাণে অর্থ ছাড় হবে। বাকী অর্থ নিদিষ্ট সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।