ফেনারবাঁকে নির্বাচনী সংঘর্ষে আহত ৬

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় ইউনিয়নের জলিলপুর বাজারে এই ঘটনা ঘটে। উভয় প্রার্থীর কর্মী সমর্থকরা ঘটনার জন্য একে অপরকে দায়ী করছেন ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকালে জলিলপুর বাজারের পাশে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী করুনা সিন্ধু তালুকদারের নৌকা প্রতীকের পথসভা চলছিল।  সন্ধ্যায় নামাজের জন্য বিরতি দেয়া হয়। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরু মিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে বাজারে প্রবেশ করে। দুই প্রার্থীর কর্মী সমর্থকরা একস্থানে জড়ো হওয়ায় প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের ৬-৭জন আহত হয়। আহত রামপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল মিয়া (২৮), জামাল মিয়া (৩০), রফিকুল ইসলাম (২৫) ও শরিফপুর গ্রামের রিয়াজ উদ্দিন (৪৮) কে রাতেই জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চেয়ারম্যান প্রার্থী করুনা সিন্ধু তালুকদারের কর্মী আব্দুল লতিফ নাজেল বলেন,‘নৌকার জনসভা চলাকালে নূরু মিয়ার লোকজন পথসভায় ঢুকে লোকজনের উপর হামলা চালায়। এতে চার জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূরু মিয়াও পাল্টা অভিযোগ করে বলেন,‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু তালুকদারের লোকজন আমার কর্মীদের উপর হামলা করেছে। হামলায় তিনজন আহত হয়েছে। ’
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বলেন,‘জলিলপুর বাজারে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা হঠাৎ করে একত্র হয়ে পড়ায় হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত আছে।’