ফেনারবাঁক ইউনিয়ন-ঘরে বাইরে বিদ্রোহ

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নির্বাচনী মাঠে আর বিএনপির প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নিজের ঘরে। বিএনপি দলীয় প্রার্থী জুলফিকার চৌধুরী রানার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী তার চাচাতো ভাই নিজ গ্রাম ফেনারবাঁকের বাসিন্দা ইফতেখার চৌধুরী ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী করুনা সিন্ধু তালুকদার। তার প্রতিদ্বন্দ্বী হিসাবে বিদ্রোহী হয়ে ভোট যুদ্ধে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান,সাবেক ছাত্রলীগ নেতা সাধন চন্দ্র তালুকদার ও দলীয় নেতা নূরু মিয়া। অবশ্য দু’দলের দলীয় প্রার্থী তাদের ভোটে বিদ্রোহীরা কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না বলে জোর গলায় দাবি করেছেন।
দলীয় মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান, প্রথম দফায় নৌকার টিকেটপ্রাপ্ত অপর বিদ্রোহী প্রার্থী সাধন চন্দ্র তালুকদার,আর তৃণমুলের ভোটে নির্বাচিত আওয়ামী লীগের দ্বিতীয় দফার প্রার্থী নূরু মিয়াও কোমর বেঁধে মাঠে নেমেছেন। সকল বিদ্রোহী প্রার্থীই এবারের নির্বাচনকে তাদের প্রেস্টিজ ইস্যু বলে মনে করছেন।
ফেনারবাঁকের ইউনিয়নে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা নয় মৌজা। এই নয় মৌজায় দীর্ঘ দিন ধরেই দু’টি শক্ত বলয় রয়েছে। এত দিন প্রাক্তন ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টুর মধ্যে ভোটযুদ্ধ হলেও এবার মঞ্চে আবির্ভূত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাধন চন্দ্র তালুকদার। এলাকায় সাধনেরও একটি ভাল অবস্থান রয়েছে। যার কারণে নয় মৌজার ভোটে ব্যাংক দ্বিধাবিভক্ত হয়ে পড়তে পারে বলে অনেকেই মনে করছেন।
অপরদিকে সুরমা নদীর তীরবর্তী গ্রামগুলির অধিকাংশ জনগণই দীর্ঘ দিন ধরে নৌকার বাক্সে ভোট দিয়ে আসছেন। এবার ব্যতিক্রম হতে পারে বলে ধারণা করছেন অনেকেই। কারণ নদীর পাড়ের গ্রাম আলীপুর থেকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান ভোটযুদ্ধে নেমেছেন। একই ভাবে ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরু মিয়াও ভোট যুদ্ধে নেমেছেন। সব মিলিয়ে ফেনারবাঁকের নৌকার বিজয় ঝুঁকিতে রয়েছে বলে মনে করেন সাধারণ ভোটাররা।
অপর দিকে বিএনপির প্রার্থী জুলফিকার চৌধুরী রানার প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী তারই চাচাতো ভাই ইফতেখার চৌধুরী জোরেশুরে প্রচারণায় নেমেছেন। স্বাধীনতা সংগ্রামের আগে থেকেই ফেনারবাঁক কেন্দ্রে ভোটের একটা অংশ বাইরের প্রার্থীর বাক্সে যাওয়ার রীতি আছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আলী আমজাদ চৌধুরী, আব্দুল খালেক তালুকদার জনপ্রিয় ও গ্রামের একক প্রার্থী হলেও সেই সময়েও তাদের বিরুদ্ধে ভোট চলে যেত অন্য প্রার্থীর পক্ষে। এবারও তার ব্যাতিক্রম হবে না বলে জানিয়েছেন অনেকেই। বিএনপির অপর বিদ্রোহী প্রার্থী হারুন উর রশীদের গ্রাম কামধরপুর ও গজারিয়ার অধিকাংশ ভোটই বিএনপির ছিলো কিন্তু এবার হারুন উর রশীদ ভোটে নতুন করে ভাগ বসানো হবে বলে মনে করছেন ভোটাররা। বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদ ও ইফতেখার চৌধুরী  বলেন,‘জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা জনগণে বিশ্বাসী। দল কাকে মনোনয়ন দল না দিল সেটি আমাদের দেখার বিষয় নয়, মাঠে আছি, ৪ জুনই প্রমাণ হবে।
বিএনপি দলীয় প্রার্থী জুলফিকার চৌধুরী রানা জানান, কেউ দলের মনোনয়ন চেয়ে না পেলে সে বিদ্রোহী প্রার্থী। আমি ছাড়া কেউ দলের না, হারুন উর রশীদ ও ইফতেখার তারা আদৌ বিএনপির কিনা আমার জানা নেই। অবশ্য ইফতেফার চৌধুরী আমার চাচাতো ভাই। সে আমাদের ভোটে কোন ধরনের প্রভাব ফেলতে পারবে না।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাধন চন্দ্র তালুকদার জানান,আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছিলাম। শেষ সময়ে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। মনোনয়ন কেড়ে নিলেও জনগণের ভোট কেউ ছিনিয়ে নিতে পারবে না । তা ভোটেই প্রমাণ করব। ’
আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান জানান, আমি ভাই এত সব বুঝি না, আমি বুঝি জনগণের কাছে ছিলাম,আছি, মরনের আগেও থাকবো। জনগণই ভোটের মাধ্যমে প্রমাণ করবেন আমি তাদের জন্য কি করেছি।’
আওয়ামী লীগের প্রার্থী করুনা সিন্ধু তালুকদার বলেন,‘বিদ্রোহী প্রার্থীর আত্মীয়-স্বজন ও কোন্দলের কারণে কিছু ভোট হয়ততো পাব না। এছাড়া আমার আর কোন ক্ষতি হবে না, শেখ হাসিনার নৌকার বিজয় হবেই। ’