বিশেষ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ও বেহেলীতে ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাই দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে। বেহেলী ইউনিয়নের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা-সমালোচনা একটু কম হলেও আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ফেনারবাঁক ইউনিয়নে দলীয় প্রার্থী বাছাই নিয়ে ইউনিয়ন তথা পুরো উপজেলা জুড়ে হৈচৈ শুরু হয়েছে।
বেহেলী ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মিহির রায়কে অর্থের বিনিময়ে ভোট প্রদানের অভিযোগ উঠেছে। ইউনিয়ন আ.লীগের তৃণমূলের অধিকাংশ নেতারা ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে সরেজমিনে গিয়ে এ বিষয়ে নালিশ করেছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে প্রভাবিত করার অভিযোগ সঠিক নয় দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন ও বেহেলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন।
বেহেলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, গত মাসের শেষের দিকে বেহেলী ইউনিয়নের বর্ধিত সভায়
প্রথমে মনোনয়নের বাছাইয়ের কাজ হলেও অদৃশ্য অজুহাত দেখিয়ে সভাটি উপজেলায় স্থানান্তর করা হয়। বেহেলীর নেতাকর্মীরা জানান, সরকারী-বেসরকারী জরিপে বেহেলী ইউনিয়নে ভজন তালুকদার এগিয়ে থাকলেও তিনি দলীয় মনোনয়ন পান নি। মিহির রায় থেকে দলীয়ভাবে প্রচার প্রচারণায় সাবেক চেয়ারম্যান প্রদীপ কুমার মজুমদার ও যুবলীগ নেতা অসীম তালুকদার এগিয়ে থাকলেও মনোনয়ন দেয়া হয়েছে মিহির রায়কে। নাম প্রকাশ না করার শর্তে আ.লীগের একাধিক নেতা জানিয়েছেন, বিশেষ এক নেতার ইঙ্গিতে টাকার বিনিময়ে মিহির রায়কে ভোট প্রদান করেছেন দায়িত্বশীলরা।
প্রথম বাছাইসভার প্রার্থী, প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতাদের বাদ দিয়ে ফেনারবাঁকে হত্যা মামলার আসামী ইউপি সদস্য নুরু মিয়াকে দলীয় প্রার্থী করায় ইউনিয়ন ও উপজেলা কমিটির দায়িত্বশীলদের বিরুদ্ধে প্রভাবিত হওয়ার অভিযোগ করছেন অন্যান্য প্রার্থীরা।
হত্যাসহ এক ডজন মামলার আসামী নুরু মিয়াকে দলীয় প্রার্থী করায় ফেনারবাঁক ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীলদের বিরুদ্ধে অদৃশ্য শক্তির ইশারায় প্রভাবিত হওয়া, পকেট কমিটিকে দিয়ে নিজেদের পছন্দের মানুষকে প্রার্থী বাছাই করার অভিযোগ করছেন অন্য প্রার্থীরা।
ইউনিয়ন কমিটির সভাপতি নুরুল হুদা খোকন ও সাধারণ সম্পাদক অজিত সরকারের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ করছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান।
জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেন্টু সরকার বলেন,‘ সভা করে একবার প্রার্থী বাছাই হয়েছিল। কিন্তু প্রথম বাছাইকৃত প্রার্থীকে বাদ দিয়ে পুনরায় আবারো বাছাই করার কারণ বোধগম্য নয়। বেশ আগেই কূটকৌশল করে তৃণমূল নামধারী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নামে একটি পকেট কমিটি করা হয়েছিল। সেই পকেট কমিটি দিয়েই বার বার প্রার্থী বাছাই করা হয়। প্রকৃতপক্ষে তৃণমূলের সঠিক মতামত উঠে আসেনি। ষড়যন্ত্র করে বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। ’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও প্রথম প্রার্থী বাছাই সভার সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাধন তালুকদার বলেন,‘প্রথম প্রার্থী বাছাই সভায় আমাকে দলীয় প্রার্থী করা হয়েছিল। নির্বাচন নিয়ে নানাভাবে আমার অনেক টাকা-পয়সা খরচ হয়েছে। কিন্তু বর্তমানে আমাকে সরানোর জন্য নতুন করে আবারো প্রার্থী বাছাই হয়েছে। একটি অদৃশ্য শক্তির ইশারায় উপজেলা ও ইউনিয়ন কমিটি এই জঘন্য কাজ করেছেন। বিষয়টি আমি জেলা কমিটি ও কেন্দ্রকে অবগত করব।’
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান বলেন,‘ইউপি সদস্য নুরু মিয়ার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। কিভাবে এমন ব্যক্তিকে প্রার্থী বাছাই সভায় রাখা হয়। আমি এনিয়ে কথা বললে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুনেননি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন চৌধুরী ও সাধারণ সম্পাদক অজিত সরকার আর্থিক সুযোগ সুবিধা নিয়ে হত্যা মামলার আসামীর পক্ষে কাজ করেছেন। এছাড়া ইউনিয়ন কমিটির সদস্য নিয়ে প্রশ্ন রয়েছে। প্রকৃত আওয়ামী লীগের লোকজন কমিটির সদস্য হতে পারেন নি। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে কথা বলব।’
ফেনারবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন বলেন,‘আমি ও সাধারণ সম্পাদক কারো কাছ থেকে কোন সুবিধা নিয়ে সহযোগিতা করিনি। উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীরা নুরু মিয়াকে প্রার্থী বাছাই করেছেন। নুরু মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা আছে কি না তা আমরা জানি না। ’
বেহেলী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন,‘এসব অভিযোগ সঠিক নয়। বুধবার সাচনায় অনুষ্ঠিত সভার তারিখ এক সপ্তাহ আগে নির্ধারণ করে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীকে দাওয়াত করা হয়েছিল। সভায় দলীয় নেতাকর্মীসহ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রথমে প্রার্থীদের নিয়ে বসা হয়েছিল কিন্তু তাদের নিয়ে সমঝোতা করা সম্ভব হয়নি। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে নেতাকর্মীরা ভোটের মাধ্যমে মিহির রায়কে প্রার্থী বাছাই করেছেন। এখানে আর্থিক সুযোগ সুবিধা নিয়ে তাকে ভোট দেয়া বা সমর্থন করার অভিযোগ ভিত্তিহীন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন বলেন,‘প্রার্থী বাছাই নিয়ে উপজেলা ও ইউনিয়ন কমিটির বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তৃণমূলের নেতাকর্মীরাই দলীয় প্রার্থী বাছাই করেছেন। বেহেলী ইউনিয়নে আগে একবার সভা হলেও কোন সিদ্ধান্ত হয়নি সেসময়। তাই বুধবার সভায় ভোটাভোটির মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা মিহির রায়কে দলীয় প্রার্থী করেছেন। ফেনারবাঁকে প্রথমে শুধু ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটে প্রার্থী বাছাই করা হয়েছিল। পরে এনিয়ে অভিযোগ পাওয়ায় ইউনিয়ন কমিটির সবাই ভোটের মাধ্যমে নুরু মিয়াকে একক প্রার্থী বাছাই করেছেন। প্রার্থী বাছাইয়ে প্রভাব খাটানো ও সুযোগ সুবিধা নেয়ার প্রশ্নই আসে না। নেতাকর্মীরা যাকে ভাল মনে করেছেন তাকে ভোট দিয়েছেন। আমাদের কোন ধরনের হস্তক্ষেপ ছিল না। নুরু মিয়া হত্যা মামলার আসামী কি না তা আমাদের জানা নেই। কাকে প্রার্থী করা যাবে, কাকে যাবে না এধরনের নির্দেশনা আমাদের কাছে নেই। প্রার্থী বাছাই নিয়ে কোন কিছু বলতে চাইলে জেলা কমিটির কাছে জানাতে পারেন।’
উল্লেখ, মঙ্গলবার উপজেলার প্রধান বিপণি বিতান সাচনাবাজারে ফেনারবাঁক ইউনিয়ন আ:লীগের তৃনমুলের নেতাকর্মীরা ইউপি সদস্য নুরু মিয়াকে দলীয় প্রার্থী বাছাই করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি ইউনিয়নের লক্ষীপুর বাজারে একই ইউনিয়নের প্রার্থী বাছাই সভায় সাবেক ছাত্রনেতা সাধন তালুকদারকে দলীয় প্রার্থী নির্ধারণ করা হয়েছিল। লক্ষীপুর বাজারের সভায় ইউপি সদস্য নুরু মিয়া ছিলেন দ্বিতীয় স্থান অধিকারী প্রার্থী। কিন্তু দ্বিতীয় দফা প্রার্থী বাছাই সভায় নুরু মিয়াকে প্রধান প্রার্থী হিসাবে নির্ধারণ করা হয়। অন্যদিকে বুধবার দুপুরে সাচনা বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে তৃণমূলের সভায় বেহেলি ইউনিয়নে মিহির রায় ২৯ ভোট পেয়ে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। তার নিকটতম ছিলেন ভজন তালুকদার। তিনি পেয়েছেন ২৫ ভোট।


