স্টাফ রিপোর্টার, শাল্লা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করায় জিডি করেছেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। গত রবিবার এই জিডি করা হয় (জিডি নং ২৬১)।
জিডিতে উল্লেখ তিনি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে তার নিজের ছবি বসিয়ে কে বা কারা ভিডিও কনফারেন্সের ছবি প্রচার করেছে। ছবি প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি এই জিডি করেছেন।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ছবির সাথে উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরীর ভুয়া ভিডিও কনফারেন্সের ছবি, কে বা কারা প্রচার করে এলাকায় বিভ্রান্তি ছড়িয়েছে। এটি খুবই দুঃখজনক। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী জিডি করেছেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী বলেন, দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে আমার ছবি দিয়ে ভিডিও কনফারেন্সের একটি ছবি কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে, যা সম্পূর্ণ বানোয়াট ও সাজানো ঘটনা। এই ভুয়া ঘটনাটির নায়কদের খোঁজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দাবি করেন।


