স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ভয়াবহ বন্যা শুরু পর নিজের ফেসবুকে গানের আয়োজন করে বানভাসি মানুষের জন্য সহায়তা চান বিশিষ্ট সংগীতশিল্পী ও উত্তরা ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) রবিউল হাসান। মানুষ সহায়তার হাত বাড়ান। এই অর্থে শুক্রবার সুনামগঞ্জে বন্যার্তদের খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
সদর উপজেলার ৮৫টি পরিবারকে সহায়তা হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও পাঁচটি করে খাবার স্যালাইনের প্যাকেট দেওয়া হয়।
সুনামগঞ্জ পৌর শহরের এইচ এম পি উচ্চবিদালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘স্বপ্নডানা’ বন্যার্তদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করে।
স্বপ্নডানার প্রধান নির্বাহী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, এই সহায়তা প্রদানের অর্থ সংগ্রহ করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও উত্তরা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক রবিউল হাসান। তিনি এক সময় সুনামগঞ্জে কর্মরত ছিলেন। এবার ভয়াবহ বন্যা শুরুর পর তিনি নিজের ফেসবুকে সুনামগঞ্জের বন্যার্তদের সহায়তায় একক সংগীত পরিবেশনার আয়োজন করেন। তাঁর গানের অনুরাগীরা এ সময় বানভাসিদের সহায়তায় এগিয়ে আসেন। এরপর তিনি সেই অর্থ পাঠান স্বপ্নডানার কাছে। সুনামগঞ্জের মানুষের দুর্দিনে পাশে দাঁড়াবার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
খাদ্যসামগ্রী বিতরণকালে সুনামগঞ্জের প্রবীণ নারীনেত্রী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শীলা রায়, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, স্বপ্নডানা’র প্রধান নির্বাহী ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসাধারণ সম্পাদক জহির উদ্দিন, সংগঠনের সম্পাদকমন্ডলীর সদস্য বাসনা পাল, ইফতেখার পিয়াল, নোভা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


