ফৌজিয়ারার ফলাফল বাজেয়াপ্তের দাবি সুরভীর

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মীর মনোনয়ন বাতিল, তার পক্ষের ফলাফল বাজেয়াপ্ত ঘোষণা এবং তাকে শপথ না করানোর দাবি উঠেছে। মঙ্গলবার জেলা পরিষদ নির্বাচনের জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ফৌজিয়ারা বেগম শাম্মীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাদিয়া বখত সুরভি।
লিখিত অভিযোগে ছাদিয়া বখত সুরভি উল্লেখ করেন, ফৌজিআরা বেগম শাম্মী সুনামগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান। তিনি সরকারের দেয়া সম্মানীসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। জেলা মহিলা     সংস্থা থেকে পদত্যাগ না করেই তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি পদত্যাগ করেছেন মর্মে কোন কাগজপত্র জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করেননি। তিনি সরকারি বিধি লংঘন করে নির্বাচন করেছেন। নির্বাচনী হলফনামায় পেশা হিসাবে শিক্ষকতা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটর হিসাবে দাবি করেছেন।
অভিযোগে ব্যাপারে ২ নং সংরক্ষিত ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মী বলেন,‘ ছাদিয়া বখত অহেতুক আমার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছেন। আমি সরকারি চাকুরী করি না। জেলা মহিলা সংস্থায় স্বেচ্ছাশ্রম দিয়েছি। সম্মানী হিসাবে আমাকে মাত্র ৫০০ শত টাকা দেয়া হতো। জেলা নির্বাচন অফিসের সাথে কথা বলে আমি নির্বাচন করেছি। আমি সকল নিয়ম-নীতি মেনে বৈধভাবেই নির্বাচন করে বিজয়ী হয়েছে। অবৈধভাবে কোন কিছুই করিনি আমি। ’