ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে বিনামূল্যের বই বিতরণের পরিবহন খরচের টাকা ফেরত দিতে শুরু করেছেন ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক জ্যোতিষ রঞ্জন তালুকদার। এ পর্যন্ত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে পরিবহন খরচের টাকা পরিশোধ করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী প্রতিটি বইয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ পয়সা করে পরিবহন খরচ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু জ্যোতিষ রঞ্জন তালুকদার ধর্মপাশা ও মধ্যনগরের মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ী পর্যায়ের ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৮ সাল থেকে কোনো পরিবহণ খরচ না দিয়ে তা নিজেই পকেটস্থ করেন। এ নিয়ে গত ১৩ জানুয়ারি সুনামগঞ্জের খবরে ‘পরিবহন খরচের টাকা হিসাবরক্ষের পকেটে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সামনে আসে।
এ পর্যন্ত ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়, আবিদনগর উচ্চ বিদ্যালয়, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বাদশাগহঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়, একতা উচ্চ বিদ্যালয়, গাছতলা উচ্চ বিদ্যালয়, ভোলাগঞ্জ সার্বজনিন উচ্চ বিদ্যালয়, চামরদানি উচ্চ বিদ্যালয়, খয়েরদিচর আলিম মাদ্রাসা, জামিয়া হাতিমিয়া দাখিল মাদ্রাসাসহ পরিবহন খরচের টাকা পরিশোধ করা হয়েছে।
ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, ‘পরিবহন খরচের পুরো বকেয়া টাকা পেয়েছি।’
বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমরা বই পরিবহনের টাকা পেয়েছি। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’
জ্যোতিষ রঞ্জন তালুকদার বলেন, ‘ইতোমধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে বই পরিবহন খরচ বাবদ প্রাপ্ত অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যান্যদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’


