বখাটেপনার আপদ থেকে শহরবাসী রক্ষা করুন

বখাটেপনা এক চরম সামাজিক অপরাধের নাম। অস্থির সমাজদেহের দগদগে ঘা এই বখাটেপনা। শহর সুনামগঞ্জে বখাটেপনা আগেও ছিল তবে সাম্প্রতিককালে ভয়ানকভাবে এই অপরাধ বেড়ে গেছে। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার ভদ্র ও নিরীহ ব্যক্তিরা এইসব বখাটেদের উৎপাতে রীতিমত কাহিল হয়ে পড়েছেন। যাদের ঘরে কন্যা সন্তান রয়েছে তারা ভীত-সন্ত্রস্থ হয়ে দিন কাটাচ্ছেন। শহরের পশ্চিম নতুনপাড়া এলাকার নিরীহ অধিবাসীরা নাকি সন্ধ্যার পর ঘরের দরজা এঁটে ভিতরে বসে থাকেন। বাইরে বেরোন না। বখাটেরা মোটরসাইকেলে চড়ে এসে অথবা বাসার কাছে জটলা পাকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গী করে, অশালীন কথাবার্তা বলে। কেউ প্রতিবাদ করলে শারীরিক নির্যাতন করে ওরা প্রতিবাদকারীকে। এইসব বখাটেরা নাকি প্রভাবশালীদের সন্তান। এদের রাজনৈতিক ও সামাজিক শক্তি নাকি বেশি। এইসব বখাটেরা যদি কস্মিনকালে ধরাও পড়ে প্রভাবশালীরা নাকি তাদের গায়ে সামান্য আঁচড় না লাগার জন্য তদবিরের লম্বা লাইন লাগিয়ে দেন। ফলত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। এরা আরও বেপরোয়া হয়ে নিজেকে বেড়াল থেকে বাঘে উন্নীত করে ফেলে। এই শহরে যে কয়টি সামাজিক সমস্যা বিদ্যমান বখাটেপনা তার অন্যতম। নিরীহ শহরবাসী এ থেকে পরিত্রাণ চান। তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান সন্তান-সন্ততি নিয়ে। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে এবং এর আগের দিন অন্য একটি সহযোগী দৈনিকে পরিবেশিত সংবাদ থেকে শান্তিকামী নাগরিক সমাজের এই আর্তি ফুটে উঠেছে।
বখাটেপনা নিয়ন্ত্রণে আনতে চাইলে শহরের নেতৃস্থানীয়দের আন্তরিক ঐকমত্যে পৌঁছাতে হবে যে, তারা কেউ বখাটেদের থানকিদার হবেন না। মহল্লাবাসীকে সাহসের সাথে এদের মোকাবিলায় এগিয়ে আসতে হবে। জানা কথা, নিজেকে নিজে রক্ষা করতে না চাইলে দুনিয়ার আর কেউ তাকে রক্ষা করতে পারে না। আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বখাটেদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখিয়ে আইনের কড়া প্রয়োগ করতে হবে। আমাদের বিশ্বাস এই কয়টি ব্যবস্থা গ্রহণ করলে বখাটেপনার আপদ থেকে শহরবাসী রক্ষা পাবেন।
বখাটেপনা একটি সামাজিক রোগও বটে। যে সমাজে সর্বদাই অনৈতিক চর্চাকে উৎসাহিত ও মান্য করা হয় সেই সমাজে বখাটেপনাসহ অন্যান্য উপসর্গগুলিও বিস্তার লাভ করবে এতে আশ্চর্যের কিছু নেই। বখাটেপনার বিরুদ্ধে আমরা শহরবাসীর যে ঐক্যবদ্ধ প্রতিরোধের আশা প্রকাশ করি তা কি আদৌ হবার? কে না জানে এইসব বখাটেরা নানা জনের লাঠি হিসাবে কাজ করে থাকে। নিজের লাঠি কি কেউ ভাঙতে চাইবে? বখাটেপনা বেড়ে যাওয়ার আরেকটি কারণ হলো সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে হতাশাজনক স্থবিরতা নেমে আসা। কোন পাড়া মহল্লায় খেলার মাঠ নেই, পাঠাগার নেই, সুস্থ বিনোদনের কোন ব্যবস্থা নেই। তো ছেলেরা দল বেঁধে রাস্তায় বেড়ানোকেই একমাত্র বিনোদন মনে করছে। এই ছেলেদের কেউ কেউ বখাটেপনায় জড়িয়ে পড়ছে। আদর্শিক চর্চার অনুপস্থিতির ফলেও কিশোর তরুণরা পথ হারাচ্ছে। তরুণ-যুবকদের সামনে কোন রোল মডেল নেই। তারা কাদের দেখে শিখবে? সুতরাং বখাটেপনা নির্মূল করতে হলে ব্যাপক সামাজিক উদ্যোগও প্রয়োজন একই সাথে।
এই শহরে যারা বসবাস করেন তারা শহরটিকে নানাভাবে সমৃদ্ধ করছেন। আজ যে শহরের এত রমরমা অবস্থা, ব্যবসা-বাণিজ্যের এত স্ফীতি তার পিছনে এই শহরবাসী নিরীহ নাগরিকদের অবদান সবচাইতে বেশি। এরা না থাকলে শহর মরে যাবে। সুতরাং শহরকে এইসব নিরীহ লোকজনের বসবাসের যোগ্য রাখতে হবে। কারও মেয়ে যদি স্কুলে যাবার পথে, বাসায় ফিরার পথে উত্যক্তপনার শিকার হয়, কেউ যদি নিজের বাসায় থাকতে অনিরাপদ বোধ করেন তাহলে সেটি চরম দুর্ভাগ্যজনক। নেতৃবৃন্দ ও প্রশাসনের নজর আকর্ষণের জন্য আমরা এতগুলো কথা বললাম।