দক্ষিণ সুনামগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর অবদান জাতি আজীবন স্মরণ রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করার। বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে পারলে দেশ হবে স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর ম্যুরাল আমাদের অগ্নিঝরা ৭১ এর কথা স্মরণ করিয়ে দেয়।
শনিবার বেলা ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে ও এলজিইডির বাস্তবায়নে ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। এই ম্যুরাল ভবিষ্যত প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে।
তিনি আরোও বলেন, দেশে এখন এমন কোন খাত নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। চারদিকেই উন্নয়নের জোয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।
গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, পুরোনো ধারার ব্যাংকিং ব্যবস্থা এখন আর থাকবে না। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারো নেই। সবই চলে যাবে কার্ডে এবং মেশিনে সহ নানা সিস্টেমে- অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।
ব্যাংকের অনিয়ম অন্যায় প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়, আবার কিছু সত্যতাও রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণও কমছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক, পাথারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমানসহ আরও অনেকে।
দুপুরে ৬৪ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিস ও পশ্চিম পাগলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।


