বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কিত বই নেই ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বইমেলায়

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার’ বই মেলায় ২ টি স্টলে স্বাধীনতা ও বঙ্গবন্ধু সর্ম্পকিত কোনো বই নেই। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে মেলা উদ্বোধন শেষে স্টল পরিদর্শনের সময় এমনটি দেখতে পান জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। পরে ২ টি স্টলকে স্বাধীনতা ও বঙ্গবন্ধু সর্ম্পকিত বই নিয়ে আসার জন্য তাগিদ দেন। এসময় জেলা প্রশাসকের সঙ্গে স্টল পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র নাদের বখত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সর্ম্পকিত কোনো বই না থাকা স্টলগুলো হলো এমদাদিয়া লাইব্রেরি, নিউ আলকাওসার লাইব্রেরি। এবিষয়ে এমদাদিয়া লাইব্রেরির পরিচালক মাওলানা ফারুখ আহমদ বলেন, আমি লাইব্রেরিতে বেশি যাই না। যে বইগুলো বেশি চলে সেগুলো আনা হয়। তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বই আনা উচিত ছিলো বলে তিনি মনে করেন।
নিউ আল কাউসার লাইব্রেরির পরিচালক আব্দুস সালাম বললেন, আমরা বেশিরভাগ ধর্মীয় বই বিক্রি করি। এজন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর সর্ম্পকিত কোনো বই নেই আমাদের কাছে।
‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার’ নামে বইমেলায় এ সম্পর্কিত বই নেই কেনো এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারাদেশ ব্যাপী ৪ দিনের বইমেলার অংশ হিসেবে সুনামগঞ্জে বইমেলার আয়োজন করা হয়েছে। দুইটি স্টলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কিত কোনো বই নেই। হয়তো তাদের কাছে এবিষয়ে কোনো বই সংগ্রহে ছিলো না। তবে আমরা আজকে বলে দিয়েছি প্রতিটি স্টলে বঙ্গবন্ধুর সম্পর্কিত সবগুলো বই ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা সবগুলো বই আনতে। এতে এই বইগুলো পড়ে আমাদের তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে জানার সুযোগ পাবে।