স্টাফ রিপোর্টার
সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব—১৭) চ্যাম্পিয়ন হয়েছে মোহনপুর ইউনিয়ন।
সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলায় ৩—১ গোলে রঙ্গারচর ইউনিয়ন কে হারিয়েছে মোহনপুর ইউনিয়ন।
এর আগে সোমবার বিকেল সাড়ে ৩টায় ফাইনালে মুখোমুখি হয় মোহনপুর ইউনিয়ন ও রঙ্গারচর ইউনিয়ন। প্রথমার্ধের ১৩ মিনিটে প্রথম গোল করেন রঙ্গারচর ইউপির আবু তালহা। এর থেকে আক্রমন—পাল্টা আক্রমন হলেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোন দলই। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে পেনাল্টিতে সমতায় ফিরে মোহনপুর ইউনিয়ন। খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আরও দুটি গোল করে বিজয়ী হয় মোহনপুর। মোহনপুর ইউপির হয়ে দুইটি গোল করেন জাহাঙ্গীর ও কর্ণার থেকে একটি গোল করে সাকিব নুর।
খেলা পরিচালনা করেন বাফুফে রেফারি রবিন আহমেদ। সহযোগী রেফারি হিসেবে ছিলেন মামুন মিয়া, লিটন আহমেদ ও আতাউর রহমান। খেলায় ধারাভাষ্যে ছিলেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শহীদুল হক।
খেলা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ারের সভাপতিত্বে ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক জাকির হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর ইউপি চেয়ারম্যান মঈনুল হক, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রাজরান চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, ইউনিয়ন নির্বাচন পর পর এরকম একটি আনন্দদায়ক খেলা উপভোগ করতে পেরে নতুন নির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ আমরা সবাই আনন্দিত। আজকের বিজয়ী দল একদিন দেশ বিজয়ী হবে আমরা সেই প্রত্যাশা করি।


