সজীব দে
দেশের মানুষ ফুটবলকে হৃদয়ে ধারণ করেন। পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকদের উপচে পড়া ভিড় সেই সত্যটাকে আবারও সামনে নিয়ে এলো। এদিকে বছর ঘুরতে না ঘুরতে আবার শুরু হয়েছে জেলা প্রশাসক কাপ টি ২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বছরের শুরুতে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। বছরের শেষ শিরোপা জয়ের আনন্দে ভাসবে কোন বিদ্যালয়? ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কি পারবে শিরোপা ধরে রাখতে?…….
শেষ হতে যাওয়া বছরে ক্রীড়াঙ্গগনে আমরা পেয়েছি অনেক নতুন তারকা। যারা স্থানীয়, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঘটনাবহুল ক্রীড়াঙ্গন নিয়ে আজকের সালতামামি।
সরকারি কর্মচারিদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা
জানুয়ারি ২৮, ২০১৭
সরকারি কর্মকর্তা, কর্মচারি ও তাদের সন্তানদের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সুনামগঞ্জ জেলা। সিলেট জেলা স্টেডিয়ামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট
জানুয়ারি ৩০, ২০১৭
জেলা প্রশাসক কাপ টি ২০ স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। ফাইনালে জগন্নাথপুর উপজেলা স্কুল টিমকে ৬ উইকেটে হারায় জুবিলী। ম্যান অব দি ম্যাচ বিজয়ী দলের জুবায়ের আহমদ ও টুর্নামেন্ট সেরা অভি।
রঙ্গারচরে ফুটবল টুর্নামেন্ট
জানুয়ারি ৭, ২০১৭
৪৮টি দলের অংশগ্রহণে রঙ্গারচরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মুহাম্মদপুর একাদশ। রানার্স আপ হয় গোদারগাঁও স্পোর্টিং ক্লাব। ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার বিভিন্ন এলাকার দল অংশ নেয়।
মনিপুরী আন্তু:ক্রীড়া ফুটবল
ফেব্রুয়ারি ৩, ২০১৭
আন্তু:ক্রীড়া ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় ছাতকের মনিপুরী ধনিটিলা-রাসনগর মনিপুরী যুব কল্যাণ সংস্থা। ১৭ বছর পর প্রতিযোগিতায় শিরোপা পুনরুদ্ধার করে তারা। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর মাঠে উত্তেজনাপূর্ণ খেলায় ১ গোলে মাধবপুর মনিপুরী সংস্থার ফুটবল দলকে পরাজিত করে ধনিটিলা-রাসনগর মনিপুরী যুব কল্যাণ সংস্থা।
বিজয়ী দলের স্বপন কুমার সিংহ ম্যাচ সেরা ও মিন্টু সিংহ সেরা গোল রক্ষক নির্বাচিত হন।
প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সরকারি জুবিলী
ফেব্রুয়ারি ১৫, ২০১৭
প্রাইম ব্যাংকের ইয়ং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। সুনামগঞ্জ স্টেডিয়ামে এইচএমপি উচ্চ বিদ্যালয়কে ৭০ রানে পরাজিত করে তারা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সজীবের ৫৮ রানের উপর ভর করে সরকারি জুবিলী ৪৬.৪ ওভারে ১৯১ রান সংগ্রহ করে। জবাবে এইচএমপি উচ্চ বিদ্যালয় ৩২.৫ ওভারে ১১২ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে রাজেদ ২২ ও জেসি ১৬ রান সংগ্রহ করে। সরকারি জুবিলীর আল আমিন ৪, সজীব ও মুন্না উভয়ে ২ উইকেট লাভ করেন।
বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
মার্চ ৫, ২০১৭
খেলাধুলায় সুনামগঞ্জ জেলার অতীতের সুনাম ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনব্যাপি জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতায় দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পর্যায়ে ৩টি ইভেন্টে প্রথম জয়নগরবাজার হাইস্কুল
জানুয়ারি ১১, ২০১৭
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসার সিলেট উপঅঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে প্রথম জয়নগরবাজার হাইস্কুল। সিলেট স্টেডিয়ামে ৪৬তম ক্রীড়া প্রতিযোগিতায় সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের জয়নগর বাজার হাজীগণি বক্স উচ্চ বিদ্যালয় তিনটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে।
বড় ছেলেদের ২০০ মিটার দৌঁড়ে সুয়েব মিয়া, বড় ছেলেদের লাফ-ধাপ-ঝাঁপ প্রতিযোগিতায় জিল্লুর রহমান ও মধ্যম ছেলেদের গ্রুপে জামাল হোসেনসহ সবাই প্রথম স্থান অধিকার করেন।
অনুর্দ্ধ-১৮ জাতীয় যুব ফুটবল টুর্নামেন্টে রানার্সআপ সুনামগঞ্জ
মার্চ ১৮, ২০১৭
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্দ্ধ-১৮ জাতীয় যুব ফুটবলে রানার্সআপ হয়েছে সুনামগঞ্জ জেলা। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে সিলেট জেলা দলের সাকিরের একক নৈপুণ্যে ১ গোলে এগিয়ে যায় সিলেট। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত বার বার সুযোগ পেলেও কোন গোলের দেখা পায়নি সুনামগঞ্জ জেলা দল। ১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট। তবে হারলেও ঘরের মাঠে চমৎকার খেলা উপহার দিয়ে দর্শক হৃদয় জয় করে নেয় সুনামগঞ্জ জেলা দল।
গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
আগস্ট ৩, ২০১৭
৪৬ তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় জগন্নাথপুরে অলইতলী গ্রামের পল্লবী আদর্শ উচ্চ বিদ্যালয়। রানার্স আপ দোয়ারাবাজারের ক্যাপ্টেন হেলাল খসরু উচ্চ বিদ্যালয়। মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন দিরাই উচ্চ বালিকা বিদ্যালয় এবং রানার্স আপ লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। কাবাডিতে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়। ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়, হ্যান্ডবলে ছেলেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পলাশ উচ্চ বিদ্যালয়, মেয়েদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আমবাড়ী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন সদর ও তাহিরপুর উপজেলা
অক্টোবর ২৬, ২০১৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে সদর উপজেলা এবং তাহিরপুর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। জেলা স্টেডিয়ামে দুই টুর্নামেন্টের ফাইনাল খেলায় সদর উপজেলার হোসেন বখ্ত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক উপজেলার বেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে তাহিরপুর উপজেলার কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে ১০ উপজেলার ২ টি করে ২০ টি দল অংশ নেয়।
বিভাগীয় চ্যাম্পিয়ন হুসেন বখত ও ফরিদা বখত প্রাথমিক বিদ্যালয়
নভেম্বর ১০, ২০১৭
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন সুনামগঞ্জের হুসেন বখ্ত ও ফরিদা বখ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারায় তারা।
অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে রানার্সআপ হয় তাহিরপুরের কলাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়। ফাইনালে সিলেটের জৈন্তাপুর উপজেলার রামপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে পরাজিত হয় তারা। এবার হুসেন বখ্ত ও ফরিদা বখ্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় লড়বে জাতীয় পর্যায়ে।
শাল্লায় আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্ট
নভেম্বর ১৪, ২০১৭
শালা উপজেলায় আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও বাজার ফুটবল একাদশ। শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্ত:বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঘুঙ্গিয়ারগাঁও বাজার ট্রাইবেকারে ৮-৭ গোলে ধল বাজার ফুটবল একাদশকে পরাজিত করে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিরাই, খালিয়াজুরী ও শাল্লার ১৬টি বাজার ফুটবল একাদশ অংশগ্রহণ করেছিল।
পুলিশ সুপার ফুটবল টুর্নামেন্ট
ডিসেম্বর ৯, ২০১৭
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা। খেলার প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সুনামগঞ্জ সদর থানা দুটি গোলে এগিয়ে যায়। খেলা শেষ হবার ৩ মিনিট আগে ছাতক থানা দল শান্তনা সূচক ১ গোল করে। ২-১ গোলে জয়ী হয় সুনামগঞ্জ সদর থানা দল। টুর্নামেন্টে অংশ নেয় জেলার ১২ টি থানার ফুটবল দল। ১৯ দিনব্যাপি ফুটবল টুর্নামেন্ট জেলা ক্রীড়াঙ্গণে নতুন জোয়ার সৃষ্টি করে। ফাইনালে সুনামগঞ্জ স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশের ভবন ছিল দর্শকদের ভিড়ে ঠাসা। জেলা একমাত্র প্রতিনিধিত্বকারী সদর থানার ফয়সল অসাধারণ কয়েকটি সেভ করে সদর থানার জয়ে অবদান রাখেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বছরের শুরু থেকে জমজমাট থাকে বিদ্যালয়গুলো। এছাড়াও ১১টি উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুল লীগ, আন্ত: জেলা, উপজেলা, ইউনিয়ন, এবং জাতীয় পর্যায়ের আয়োজিত একের পর এক ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল সহ বিভিন্ন খেলা ছিল বছরজুড়ে।


