স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সময় ৭টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রায় মিনিটখানেক স্থায়ী এই ভূমিকম্পের কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথে শহরের বিদ্যুৎ চলে যায়। ছিল না মোবাইল নেটওয়ার্ক। ভূমিকম্পের পর বিদ্যুৎ আসলেও শহরের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা ছিল দীর্ঘ সময়। ভূমিকম্পের পর পরই বিভিন্ন এলাকার লোকজন মোবাইল ফোন ও টেলিফোনে ক্ষয়-ক্ষতি ও হতাহতের খবরা-খবর জানার জন্য দৈনিক সুনামগঞ্জের খবর অফিসে ফোন করছিলেন। তবে টেলি যোগাযোগের নেটওয়ার্ক সমস্যা থাকায় ক্ষয়-ক্ষতির কোন তথ্য পাওয়া যায় নি।
ভূকম্পন অনূভূত হলে অনেকেই আতঙ্কে ভবন থেকে বাইরে বের হয়ে আসেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
রয়টার্স বলছে, মিয়ানমারে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেছেন,‘উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। ঢাকা থেকে ৪২০ কিলোমিটার পূর্ব দিকে মিয়ানমারে এর উৎপত্তিস্থল।’


