বিশেষ প্রতিনিধি
১৯ বছর পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাতাহাতি-ধাক্কাধাক্কি, প্রতিপক্ষের প্রতি বিষোদগার ও জেলা আওয়ামী লীগের প্রতি সঠিকভাবে সংগঠন পরিচালিত না করার অভিযোগ নিয়ে সম্মেলন শেষ হয়। সভানেত্রীর নির্দেশে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সভাপতি পদে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
সাধারণ সম্পাদক পদে নতুন নাম ঘোষণার পর পরই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রদানের জন্য প্রাথমিক বাচাইয়ে নাম ঘোষণায় জেলার বিভিন্ন উপজেলায় আগের দেয়া প্রার্থীর নাম বদলে যেতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী। নেতা-কর্মীদের অভিযোগ তৃণমূল পর্যায়ে দলের সাধারণ নেতা-কর্মীদের মতামত ছাড়াই নেতাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করা হয়েছে। যদিও স্থানীয় ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মতামত ও ভোট নেয়া হয়েছে। এর আগেই বিভিন্ন ওয়ার্ড কমিটি নেতাদের পছন্দের লোকজন দিয়ে গঠন করা হয়েছিল।
তুলনামূলক জনপ্রিয় প্রার্থীদের নাম বাচাই করে এখন নতুন করে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা। কারণ হিসেবে নেতৃবৃন্দ জানিয়েছেন সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ও স্থানীয়ভাবে জনপ্রিয় অতীতের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে পছন্দের প্রার্থীকে প্রাথমিকভাবে বাচাই করা হয়েছে। জেলা কমিটির নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষিত হওয়ার পর পরই একাধিক চেয়ারম্যান প্রার্থী তাঁদের কাছে এসব বিষয়ে নালিশ করছেন ও প্রার্থী বাচাইয়ের বিষয়টি অবগত করেছেন।
জানা যায়, জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রবীণ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদারকে বাদ দিয়ে প্রার্থী বাছাই করে হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা সাধন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু ও হত্যা মামলার আসামী সাবেক ইউপি সদস্য নুরু মিয়াকে। অথচ সাবেক ইউপি চেয়ারম্যান করুনাসিন্ধু তালুকদার বেশ কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান, বিভিন্ন জরিপ তার পক্ষে ছিল কিন্তু তার নাম প্রার্থী তালিকায় দেয়া হয়নি। জামালগঞ্জ সদর ও উত্তরে ইউনিয়নে মনোনয়ন দেয়া হয়েছে নতুন প্রার্থীকে। সদরের উপজেলা ছাত্রলীগ নেতা জামিল আহমদ জুয়েল ও উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনকে। দুই প্রার্থীই রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যক্তি ইমেজধারী হলেও কোন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা নেই তাদের। এবারই প্রথম তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন। তারা দলীয় প্রার্থী হওয়ায় প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপের নানা পরিবেশের সন্মুখিন হতে হবে। একই উপজেলা ভীমখালী ইউনিয়নে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিনকে দলীয় প্রার্থী না করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আক্তারকে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় একপক্ষের অভিযোগ সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। গত নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু প্রার্থী বাচাইয়ে তার নাম দেয়া হয়নি। একক প্রার্থী করা হয়েছে শাহ আক্তারকে।
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান তাঁর ইউনিয়ন কমিটির লোকজনকে নিয়ে সভা করে তিনি নিজেই দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন। একইভাবে দলীয় প্রার্থী মনোনীত হয়েছেন বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান। বালিজুরিতে এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন তালুকদারের নেতা-কর্মীদের সাথে পাল্টাপাল্টি বহিস্কার ও সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তবে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, প্রার্থী বাচাই ও মনোনয়ন প্রদানে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মতামত ও ভোটের ভিত্তিতে করা হয়েছে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ দেয়নি। যা হয়েছে তা ইউনিয়ন পর্যায়ে বসে স্থানীয় নেতাকর্মীরাই করেছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন বলেন,‘ মাত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। ইতিমধ্যে যেসব ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে এসবের মধ্যে যেসব ইউনিয়নে নানা অভিযোগ রয়েছে সেগুলি নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আলাপ-আলোচনা করব। নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
- ত্যাগী নেতাদের পরিবারে গেলেন ব্যারিস্টার ইমন
- দোয়ারায় শিশু তাজুলের এক পাটি দাঁত উপড়ে ফেলার মতো নৃশংসতা


