সামির পল্লব
‘এসো মিলি সম্প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১১তম বর্ষপূর্তি উদযাপন করবে বন্ধন থিয়েটার। নাট্য সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামগঞ্জের নবীন-প্রবীণদেরকে সাথে নিয়ে আধুনিক সুস্থধারার নাট্য চর্চা করে যাচ্ছে। শুদ্ধ ভাষায় নাট্য চর্চার পাশাপাশি আঞ্চলিক ভাষায়ও নাটক মঞ্চায়ন করে থাকে তারা। সৃজনশীল নাট্যচর্চার মধ্যদিয়ে নাট্যকর্মীদের মন, রুচি ও ব্যক্তিত্ব বিকাশের লক্ষে কাজ করছে সংগঠনটি। বন্ধন থিয়েটার যেসব নাটক মঞ্চস্থ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফুলবানুর বিয়ে, খ্যাতির বিড়ম্বনা,
বাংলা মায়ের ছেলে, দায়ভার, বখাটে, মুক্তির উপায়, শুভসন্ধা, সোনার থালা ও ময়নার স্বপ্ন।
এদিকে ১১ তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টায় বন্ধন থিয়েটার জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মঞ্চস্থ হবে প্রখ্যাত নাট্যকার মো. জালাল উদ্দিন রুমী’র ‘পঞ্চবৃক্ষ পঞ্চশীলা’ নাটক।
স্বাধীনতা সংগ্রামের চেতনায় আস্থাশীল থেকে অসাম্প্রদায়িক মূল্যবোধকে ধারণ করে কাজ করে যাচ্ছে বন্ধন থিয়েটার সুনামগঞ্জ।
উল্লেখ্য, বন্ধন থিয়েটার জেলা শিল্পকলা একাডেমির রের্পাটরি থিয়েটারের সদস্য হিসেবে ২০১২, ২০১৩, ও ২০১৪ সালে অনুষ্ঠিত জাতীয় নাট্যউৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ২০১৫ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদ্স্যপদ লাভ করেছে তারা।


