বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের পৌর শহরে পাওনা টাকা আদায় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছে। শহরের পুরাতন বাসস্টেশনে ববারি বিকাল ৩ টায় নয়ন মিয়া (২৫) ছুরিকাহত হন। গুরুতর আহত হাসপাতালে নেবার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। নিহত যুবক শহরের বড়পাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে। ঘাতক বন্ধু রেজুয়ান মিয়া (২৫) ও তার ভাই রুহানকে (২৩) আটক করেছে পুলিশ। এরা শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের নুরুল হোসাইনের ছেলে।
পুলিশ জানায়, নিহত নয়ন ও ঘাতক রেজুয়ান পরস্পরের ঘনিষ্ট বন্ধু। রেজুয়ান নিজের প্রয়োজনে এক সপ্তাহের জন্য নয়নের কাছ থেকে টাকা ধার নেয়। সেই টাকা ফেরত চাইলে রেজুয়ান নয়নের সাথে খারাপ আচরণ করে। রবিবার টাকা দেবার তারিখ করে রেজুয়ান। সেই অনুযায়ী নয়ন রেজুয়ানের কাছে টাকা চায়। এই নিয়ে দুজনের মধ্য কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজুয়ানের ভাই অন্য বন্ধুরা নয়নকে ধরে রাখে এবং রেজুয়ান তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা আহত নয়নকে উদ্বার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। বিকাল ৫ টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ ঘাতক বন্ধু রেজুয়ান ও তার ভাই রুহানকে আটক করে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাওনা টাকা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু খুন হয়েছেন। খুনি বন্ধুকে পুলিশ আটক করেছে।