বন্যায় ঘর হারানো হতদরিদ্র আফিয়া ফিরলেন স্বামীর ভিটায়

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে বন্যায় বিলীন হয়ে যাওয়া ঘর হারানো হতদরিদ্র বিধবা নারী আফিয়া বেগম কে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ডিএইচ ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য প্রবাসীদের একটি সংগঠনের ব্যানারে প্রায় এক লাখ টাকা খরচ করে টিনসেট ঘর নির্মাণ করে দেওয়া হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে প্রবাসী সংগঠন ডিএইচ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঘরের কাজ শেষ করে আফিয়া বেগম কে ঘরটি বুঝিয়ে দেন। নতুন ঘর পেয়ে হতদরিদ্র বিধবা নারী আফিয়া বেগম খুব খুশি হয়েছেন। তিনি বলেন, বন্যায় ঘরটি ভেঙে পড়ায় নতুন ঘর নির্মাণ নিয়ে চিন্তিত ছিলাম। গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশের প্রেক্ষিতে ডিএইচ ফাউন্ডেশন ঘর নির্মাণে এগিয়ে আসায় তিনি সাংবাদিকসহ ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিএইচ ফাউন্ডেশনের সিলেট প্রতিনিধি মোজাক্কির হোসেন মাহবুব বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে আফিয়া বেগম সহ বন্যায় ঘর হারানো তিনজনকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। ১০ জনের ঘর সংস্কার করে দেওয়া হয়েছে। আরও কয়েকটি ঘর নির্মাণ ও সংস্কার কাজ চলমান রয়েছে। তিনি বলেন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিধবা নারী আফিয়া বেগমের ঘর হারানোর চিত্র দেখে তাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়। এতে প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল বলেন, আফিয়া বেগম কে নতুন ঘর নির্মাণ করে দেওয়ায় ইউনিয়নবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি বলেন, গত ১৭ জুন ভয়াবহ বন্যায় আফিয়া বেগম সহ অনেকেই ঘর হারিয়েছেন তাদের অনেকেই নতুন ঘর নির্মাণ করে ভিটায় ফিরতে পারছেন না। আফিয়া বেগম কে ভিটায় ফেরানো সত্যি আনন্দের।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া বলেন, জগন্নাথপুর উপজেলায় বন্যায় ৪৪০ টি ঘর পুরোপুরি ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৫ হাজার ৭৫৮টি কাঁচা ঘর। তারমধ্যে সরকারিভাবে ৪৪০ জনকে ১০ হাজার টাকা এবং ৩০০ জনকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নগদ তিন হাজার টাকাসহ ঢেউটিন দেওয়া হয়েছে ১৭৫ জনকে ।