বন্যার্তদের মধ্যে ফ্রি চিকিৎসা সেবা জামালগঞ্জ প্রেসক্লাবের

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনারবাঁক ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স’র সহযোগিতায় চিকিৎসা সেবা প্রদান করেছেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।  মঙ্গলবার সকাল থেকে উপজেলার প্রত্যন্ত হাওর পাড়ের ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর চাটনী পাড়া, হঠামারা, বাগহাটি, টগিয়ার পাড়া গ্রামের শতাধিক পরিবারে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধপত্র, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রদান করা হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সাধারণ সম্পাদক নিজাম নূর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুরঞ্জিত কুমার সরকার, মঞ্জু চৌধুরী, প্রীতি রঞ্জন তালুকদার, সিএইচসিপি রুমা রানী সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রতিনিধি সুধাংশু শেখর তালুকদার, ইউপি সদস্য আব্দুর রহিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।