বন্যার্তদের মধ্যে লায়ন্স ক্লাবের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যার্ত ২৫০টি পরিবারের মধ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে ত্রাণ সহায়তা বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। পৌর শহরের জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এই ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্থানীয় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ।
বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, তেল, চিনি, লবন, স্যালাইনসহ নানা সামগ্রী প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা (৩১৫বি-১) গর্ভনর দেওয়ান নাসিরুল হক। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর সভাপতিত্বে ত্রাণ বিতরণের আগে আলোচনায় পর্বে বক্তব্য দেন লায়ন মোস্তফা শাহজাহান, মো. হারুনুর রশিদ, ইমরান আহমদ, খন্দকার মাজহারুল আনোয়ার, মোহিতুর রহমান, তানভীর আহমদ ও রাজিব মিয়া, কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে সংগঠনের উদ্যোগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৫০টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। একইভাবে সিলেটের বিভিন্ন স্থানে সংগঠনের উদ্যোগে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।