বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত জেলায় অগ্রাধিকার ভিত্তিতে ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণের সুপারিশ

সু.খবর ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৩৫টি জেলায় অগ্রাধিকার ভিত্তিতে ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্ষতিগ্রস্ত জনগণের কল্যাণের বিষয়টি  
 বিবেচনায় রেখে এ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আব্দুল খালেক, বি,এম মোজাম্মেল হক, সৈয়দ আবু হোসেন, মমতাজ বেগম এবং হ্যাপী বড়াল সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক ইন্টারন্যাশনাল মেমরি অব দ্য ওয়ার্ল্ড রেজিষ্টার এ অন্তভূক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি এবং পিপলস এন্ড পলিটিক্স কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের তৃতীয় সৎ এবং চতুর্থ কর্মঠ প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি প্রদান করায় অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
সভায় ব্রীজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
কমিটি ইডকল কোম্পানীর কার্যক্রম ও সোলার প্যানেলের মূল্য বেশি হওয়ার যৌক্তিক কারণসহ একটি বিস্তারিত প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে। এছাড়াও আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞতা অর্জনের জন্য সংসদীয় কমিটির ভারত ও নেপালের উজানের নদ-নদী ও বৃষ্টিবহুল অঞ্চল পরিদর্শনের সূচি চূড়ান্ত করার সুপারিশ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামালসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।