স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও জেলার বিভিন্ন উপজেলার ভাঙাচুরা সড়কে বালুর বস্তা ফেলে চলাচলের উপযোগী করা হচ্ছে।
জানা যায়, সম্প্রতি বন্যায় সারাদেশের সাথে জেলার যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। দুর্যোগ মোকাবেলা করতে উদ্ধার তৎপরতা ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করে সেনাবাহিনী, নৌ-বাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি। বর্তমানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে পানি কমায় বন্যায় সড়কের ক্ষত চিহ্নগুলো ভেসে উঠেছে। বানের পানিতে রাস্তা ঘাট ভেঙে বড় বড় গর্ত হয় খালে পরিণত হয়েছে। সড়কে ভোগান্তি কমাতে সড়ক জনপদের আওতাধীন বানের জলে ভেঙে যাওয়া ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো পুনরায় মেরামত করে চলাচলের উপযোগী করে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
স্থানীয় মানুষ জানান, বন্যার পানিতে রাস্তা ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের চলাফেরা করতেও খুব কষ্ট হয়েছে। সেনাবাহিনী নিজে ভাঙা রাস্তা ঘাটগুলো মেরামত করছে, আমরাও তাদের সহযোগিতা করছি।
সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন সিলেট কোম্পানি কমান্ডার মেজর আজাদ জানান, সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৪ কিলোমিটার সড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা মেরামত করছি। আরও বিভিন্ন চাহিদা অনুসারে যেখানেই প্রয়োজন হবে সেখানে আমরা তাদের সড়ক মেরামত কাজে সহযোগিতা করবো।


