বন্যা পরিস্থিতির অবনতি

স্টাফ বিপোর্টার
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদীর পানি ক্রমশ বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার ৭ টি উপজেলার নি¤œাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দি মানুষের সঠিক সংখ্যা জেলা বন্যা তথ্য ও সহায়তা কেন্দ্র এখনও জানাতে না পারলেও নি¤œাঞ্চলের একাধিক বাসিন্দারা বলেছেন, ‘লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন’। জেলার ২৮৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার ১১ উপজেলার দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ দাবি করেছেন তাঁর উপজেলার নি¤œাঞ্চলের কমপক্ষে ৪০ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন।
একই অবস্থা দোয়রাবাজার, তাহিরপুর, ধর্মপাশা, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর ও দিরাই উপজেলায়।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক বললেন,‘উপজেলার সব কয়টি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দোয়ারা-ছাতক সড়কের ৩ টি স্থানে পানি উঠেছে। দোয়ারাবাজার- বাংলাবাজার এবং দোয়ারাবাজার- বোগলা সড়কে পানি ওঠায় উপজেলা সদরের সঙ্গে সব কয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বাড়তে থাকলে মানুষ পানিবন্দী হয়ে পড়বে।’ সুরমা নদীর পানি কূল উপচে সুনামগঞ্জ-ধারারগাঁও সড়ক ডুবিয়ে দেওয়ায় কোরবাননগর ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে। এই সড়ক দিয়ে যাতায়াতকারী সুরমার উত্তর পাড়ের ৩ ইউনিয়নসহ কোরবাননগর ইউনিয়নের মানুষ যাতায়াত ভোগান্তিতে পড়েছেন। সুনামগঞ্জ-ধারারগাঁও-হালুয়ারঘাট সড়কের ৩ স্থানে পানির তোড়ে ভাঙন দেখা দিয়েছে। এলজিইডি ও কোরবাননগর ইউনিয়নের উদ্যোগে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, জেলার ২৮৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম ২ দিনের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষকদের বলা হয়েছে কোথাও যদি আশ্রয় কেন্দ্র খোলার প্রয়োজন পড়ে তারা যেন সহায়তা করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান জানান, যেহেতু বেশিরভাগ বিদ্যালয়ে যাতায়াতের পথে পানি ওঠেছে এবং কোন কোন স্কুলে পানি ওঠেছে তাই জেলার ১১ উপজেলারই দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘বন্যা মোকাবেলায় মানুষের পাশে থাকতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে সকল উপজেলায় এবং ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বন্যা আশ্রয় কেন্দ্র খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। ট্রলারসহ সকল লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা রাখা হচ্ছে। শুকনো খাবার কিনে রাখা হচ্ছে। ইতিমধ্যে ১০ হাজার টাকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং খাদ্য সচিবসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিস্থিতি অবহিত করা হয়েছে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বখর সিদ্দিক ভুইয়া জানান, শনিবার বিকাল ৬ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদ সীমার ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ ২০৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।