বর্ষায় জামালগঞ্জের হাওর পাড়ের অধিকাংশ বিদ্যালয়ই থাকে তালাবদ্ধ

আকবর হোসেন, জামালগঞ্জ
বর্ষায় হাওর পাড়ের অধিকাংশ বিদ্যালয় থাকে তালাবদ্ধ। এরকম ঘটনা একদিন বা দু’দিনের নয়, দিনের পর দিন চলে। উপজেলা সদর থেকে বিদ্যালয়গুলো দূরবর্তী হওয়ায় কর্তৃপক্ষ ঠিকভাবে নজরদারী করতে পারছেন না। এরই ফলশ্রুতিতে হাওর পাড়ের বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাওরপাড়ের অধিকাংশ শিক্ষকরা উপজেলা সদর, জেলা শহর, স্থানীয় সাচনা বাজারের আশপাশে থাকায় প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে পারছেন না। প্রত্যন্ত হালির হাওর পাড়ের মাহমুদপুর, হাওরিয়া আলীপুর, হিজলা, দূর্গাপুর, আছানপুর, হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সকাল থেকেই তালাবদ্ধ থাকতে দেখা যায়। বিদ্যালয়গুলো বন্ধ থাকায়  ছাত্রছাত্রীরা ফিরে গেছে। আবার মদনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। ছাত্রছাত্রীরা চেঁচামেচি করছে, কোন শিক্ষক ক্লাসে নেই, মিনিট দশেক পরে একজন সহকারী শিক্ষিকা এসেছেন বিদ্যালয়ে। তিনি জানালেন, হেড স্যার উপজেলায় থাকেন, দু’জন সহকারী শিক্ষিকাও আসেননি    
আর একজন গেল দু’বছর ধরেই বিদ্যালয়ে নেই। অবশ্য কোন কোন শিক্ষক অজুহাত হিসেবে দেখিয়েছেন উপজেলা সদরে দাপ্তরিক কাজ, কেউ কেউ বলেছেন আবহাওয়া খারাপ, আবার কেউ বলেছেন শারীরিক ভাবে অসুস্থ তাই বিদ্যালয়ে আসতে পারেরনি। অবশ্য উপজেলা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এদিকে মঙ্গলবার ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন উপজেলা শিক্ষা অফিসার নূরুল আলম ভূঁইয়া।
সরেজমিনে গত সোমবার জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের হালির হাওর পাড়ি দিয়ে দুপুর পৌনে ১২ টায় প্রথমে হাওরিয়া আলীপুর, দুপুর ১২ টায় মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, পরে সাড়ে ১২ টায় হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১ টায় দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুপুর সোয়া ১ টায় মদনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, দেড় টায় আছানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২ টার দিকে হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সবগুলি বিদ্যালয়ের দরজা জানালা বন্ধ, এমনকি প্রধান ফটক গুলিতে তালা ঝুলানো। প্রত্যেক বিদ্যালয়ের স্কুলের নিকটবর্তী অভিভাবকগণের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে কোন শিক্ষকরা আসেননি। সকাল থেকেই ছোট ছোট ছেলেমেয়েরা বিদ্যালয়ে শিক্ষক না পেয়ে ঘুরে গেছেন। অভিভাবকরা আরো জানালেন এরকম ঘটনা শুধু একদিন দু’দিনের নয়, প্রায়ই এরকম হয় বিদ্যালয়গুলোতে।
হরিপুর গ্রামের নিরঞ্জন দাস বলেন, আজকে আমাদের স্কুলে কোন শিক্ষক আসেন নি, ছাত্রছাত্রীরা ঘুরে গেছে। মদনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ তালুকদার বলেন, একজন সহকারী শিক্ষক কয়েক বছর ধরেই নেই। প্রধান শিক্ষকও আসেন সপ্তাহে একদিন,এরকম ঘটনা নিত্যদিনের।
মাহমুদপুর গ্রামের আইনুল হক বলেন, আমাদের স্কুলে কোনদিনই সব শিক্ষক আসেন না। প্রায়ই স্কুল বন্ধ থাকে, ছাত্রছাত্রীদের পড়ালেখায় বিঘœ ঘটছে।
হিজলা গ্রামের শশাংক দাস জানান, আজকে কোন শিক্ষক বিদ্যালয়ে আসেন নি, স্কুল বন্ধ। একই ভাবে দুর্গাপুরের তাপস দাসও জানান, শিক্ষকরা আসেন নি তাই আজ স্কুলে তালা।
হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত তালুকদার বলেন, আমি অফিসের কাজে উপজেলায় ছিলাম, বাকীরা কেন বিদ্যালয়ে  যাননি আমি খোঁজ খবর নিবো।
দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির তালুকদার বলেন,অফিসিয়াল কাজে উপজেলা সদরে ছিলাম, তাই বিদ্যালয়ে যেতে পারিনি।
হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীকান্ত তালুকদারের মোবাইলে একাধিকবার ফোন করে মোবাইল বন্ধ পাওয়া যায়।
মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি যেতে পারিনি। মদনাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি রঞ্জন তালুকদার বলেন, আমি অফিসের কাজে জামালগঞ্জ ছিলাম। নার্গিস আক্তার ও দীপা সুলতানা অসুস্থ তাই তারাও বিদ্যালয়ে আসেননি।
ক্লাষ্টারের দায়িত্বরত  উপজেলা সহকারী শিক্ষা কর্মকতা মীর আব্দুল্লাহ আল মামুন বলেন, যে যে বিদ্যালয় বন্ধ ছিলো, সেগুলোর খবর নিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভূঁইয়া বলেন, আমি এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আজ জেলাতে মিটিংয়ে ছিলাম। বিদ্যালয়গুলো বন্ধ থাকার বিষয়টি জেনেছি। আগামীকাল বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।