স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ উপজেলার সমীপুর নোয়াগাঁও বাজারের পশ্চিমের পাগনার হাওর উপপ্রকল্পে ৩২ নম্বর পিআইসি’র ৯ লাখ ১৯ হাজার ৯০২ টাকা, ৩৬ নম্বর পিআইসি’র ১২ লাখ ২৭ হাজার ৬৯৮ টাকা এবং ২৮ নম্বর পিআইসি’র ৭ লাখ ১৭ হাজার ৪৩৯ টাকার বাঁধের কাজে অনিয়ম দেখে বুধবার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান স্থানীয় কৃষকরা। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালও সেখানে যান। বাঁধের কমপক্ষে ৩০ মিটার দূরে থেকে মাটি তোলার কথা থাকলেও বাঁধের গোড়া থেকেই মাটি তোলা হচ্ছে দেখে উপজেলা নির্বাহী অফিসার ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল সন্ধ্যা ৭ টায় জানান, আমি এখনও পাগনার হাওরেই আছি। হাওরের এই তিন পিআইসি’র সদস্যদের বাঁধের গোড়া’র মাটি ভরাট করে দেবার কথা বলা হয়েছে। অন্যথায় তাদেরকে বিল প্রদান করা হবে না বলে জানানো হয়েছে। আমি অফিসে গিয়ে এই বিষয়ে শোকজের চিঠি পাঠাব।


