বাঁধ কেটে কালভার্ট নির্মাণ বন্ধ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কামারটুক গ্রামের পাশে খরচার হাওরপাড়ের পুরাতন বেড়িবাঁধ কেটে কালভার্ট নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন গ্রামের এক কৃষক পরিবার। পরে এলাকার একটি পক্ষের বাধার মুখে এবং উপজেলা প্রশাসনের অনুমোদন না পেয়ে অবশেষে কালভার্ট নির্মাণের উদ্যোগ বাতিল করেন ওই কৃষক পরিবার।
শনিবার বিকালে কালভার্ট নির্মাণের উদ্যোক্তা কামারটুক গ্রামের বাসিন্দা গোলাম আহমদ জানান, আমি নিজস্ব অর্থায়নে হাওরের ফসল উৎপাদন বৃদ্ধিতে ওই স্থানে একটি কালভার্ট নির্মাণ করতে চেয়েছিলাম। কিন্তু একটি পক্ষের বাধার মুখে এবং উপজেলা প্রশাসনের অনুমোদন না পাওয়ায় আমি কালভার্ট নির্মাণ থেকে বিরত থেকেছি। বাঁধের মাটিও ভরাট করে দিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, চাষাবাদের সময় ওই স্থানে পানি ভর্তি থাকে। তাই প্রতিবছর কয়েক কেয়ার জমি অনাবাদী থাকে। কালভার্ট নির্মাণ করলে এই এলাকার খরচার হাওরপাড়ের অনেক কৃষক চাষাবাদ করতে সুবিধা হতো।
স্থানীয় বাসিন্দা আবুল বরকত বলেন, এই বাঁধের মধ্যে কালভার্ট করলে কোনো ক্ষতি নেই। বরং কৃষকদের লাভ। পানি নিষ্কাশন হলে জমি আবাদ করা যাবে। এখন বাঁধারমুখে কালভার্ট নির্মাণ বন্ধ হয়ে গেছে। এটা এলাকার কৃষকদের জন্য বড় ক্ষতি।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (এস.ও) আশরাফুল ইসলাম সিদ্দিকী বলেন, যে লোকটি অভিযোগ করেছিল, এই এলাকায় তার কোনো জমি নেই। কালভার্ট নির্মাণ বন্ধ করে দেয়া হয়েছে। কালভার্ট হলে এলাকার কৃষকদের ভাল হতো।