স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বন্যায় ঢেউয়ের কবল থেকে গোরস্থান রক্ষা করেছেন এলাকাবাসী। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর গ্রামে অবস্থিত কবরস্থানটিতে শিবরামপুর, তরং বেতাগড়া, মাটিয়ান, কদমতলী শ্রীপুর, খালা শ্রীপুর, জয়পুর, গোলাবাড়ি, ছিলানি তাহিরপুর, মন্দিয়াতা, ছিরারগাঁও, মইয়াজুড়ি কামালপুর, নয়াবন্দসহ আশপাশের ১৫/১৬টি গ্রাম ছাড়াও দূরের অনেক গ্রাম থেকে বর্ষা মৌসুমে এখানে এনে দাফন করা হয়। তৃতীয় দফা বন্যা ও হাওরে প্রবল ঢেউয়ের আঘাতে গোরস্থানের চারপাশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। গত দু’দিন ধরে শিবরামপুর গ্রামের বাসিন্দা জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল ও পাশর্^বর্তী তরং গ্রামের বাসিন্দা তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জিসহ এলাকার যুবসমাজ মিলে নৌকায় করে বস্তাভর্তি মাটি ও বালু এনে বাঁধ দিয়ে গোরস্থানটি ঢেউয়ের কবল থেকে রক্ষা করেছে।
জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল বলেন, শিবরামপুর কবরস্থানটি শ্রীপুর উত্তর ইউনিয়নের একমাত্র কবরস্থান। বর্ষা মৌসুমে ইউনিয়নের লোকজন এখানে এনে দাফন করে। দুর্যোগ মুহুর্তে শিবরামপুর গোরস্থানটিতে মেরামতের কাজ না করলে সমস্ত মাটি বন্যার পানির সাথে একাকার হয়ে যেতো।
তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, হাওরের প্রবল ঢেউয়ের আঘাতে শিবরামপুর কবরস্থানটি ক্ষতবিক্ষত করেছে। আমরা কবরস্থানের আশপাশের লোকজন মিলে কবরস্থানটি রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


