বাঁধ দুর্নীতির প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধাকে মারধর, জামালগঞ্জ উপজেলা সদরে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
হাওররক্ষা বাঁধের কাজের অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করাসহ নানাভাবে প্রতিবাদ করায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদারকে বাঁধ সি-িকেটের লোকজন মারধর করায় উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুরে ঘটনার প্রতিবাদে জামালগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। মুক্তিযোদ্ধারা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, গত ২৮ জানুয়ারি সুনামগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাসের নেতৃত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের বিরুদ্ধে হাওররক্ষা বাঁধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এরপর ২৯ জানুয়ারি ইউএনও প্রিয়াংকা পালের পক্ষে অবস্থান নিয়ে উপজেলা আওয়ামী লীগের আরেকাংশ ‘কৃষক ও প্রকল্প বাস্তবায়ন কমিটি’র ব্যানারে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানায় এবং পরদিন ৩০ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে এরাই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে পিআইসি গঠনে কোনো দুর্নীতি হয়নি এবং হাওররক্ষা বাঁধ ঠিকঠাকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে যারা এর বিরোধিতা করছে তাদের ‘ষড়যন্ত্রকারী’ দাবি করে সমালোচনা করা হয়। এই কর্মসূচির পর অপরপক্ষ অর্থাৎ মুক্তিযোদ্ধা দীজেন্দ্র লাল দাসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা কৃষক লীগ অফিসে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করার জন্য প্রস্তুতি সভা আহ্বান করেন। এই সভায় অপর পক্ষের অর্থাৎ পিআইসি’র (প্রকল্প বাস্তবায়ন কমিটির) পক্ষের লোকজন আক্রমণ চালায়। তারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু তাহের তালুকদারকে মারধর করে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা জনতা অংশ নেন। মিছিল শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণসহ হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই নিয়ে শুক্রবার বিকাল থেকে উপজেলাজুরে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, ‘আপাতত পরিস্থিতি শান্ত। অনাকাক্সিক্ষত কোন ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।’