বাঁধ নির্মাণের বরাদ্দকৃত টাকা লুটপাটের আশংকা জেলা বিএনপি’র

সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের বরাদ্দকৃত টাকা লুটপাটের আশংকা প্রকাশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। বুধবার এক প্রেস বিবৃতিতে এই আশংকার কথা জানান জেলা বিএনপি’র সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হাওরের বাঁধের টাকা নিয়ে দুর্নীতির সাম্রাজ্য হচ্ছে সুনামগঞ্জ জেলা। জেলার ১৫৪ টি হাওরে আগামী ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে বাঁধ নির্মাণ শেষ করার কথা কিন্তু এখনও অধিকাংশ বাঁধে কাজই শুরু হয়নি। এসব প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১২৫ কোটি ৭০ লক্ষ টাকা। এ বিপুল পরিমান বরাদ্দ নিয়ে পিআইসি গঠনে নানা দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ উঠছে। কৃষকের সাথে সাথে জেলা বিএনপিও হাওরের এ বিপন্ন অবস্থা নিয়ে শংকিত।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জেলা বিএনপি মনে করে এবারের হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে প্রাক্কলন, প্রকল্প গ্রহণ, পিআইসি গঠন ও অনুমোদনে পদে পদে রয়েছে সীমাহীন দুর্নীতি। যার সাথে সংশ্লিষ্ট আছেন স্থানীয় সরকার দলীয় নেতা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পূর্বের ন্যয় সুনামগঞ্জে এবারও হাওরের বাঁধের বরাদ্দ লুটপাট হওয়ার আশংকা রয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপি জেলার হাওরের প্রতিটি প্রকল্পে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকার্তাদের নিয়ে মনিটরিং সেল গঠন করার দাবি জানাচ্ছে। সাথে সাথে সুনামগঞ্জের স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক ও কৃষক প্রতিনিধিরা বাঁধের কাজে কঠোর মনিটরিং রাখবেন। কৃষকেরা যাতে তাদের ফসল সঠিক ভাবে রক্ষা করতে পারে এবং বাঁধ নির্মাণের বরাদ্দকৃত টাকা যেন লুঠপাট না হয় সে ব্যাপারে সকলকে তীক্ষè নজর রাখার জন্য জেলা বিএনপি অনুরোধ করছে। জেলা বিএনপি আশা করে বাঁধ নির্মাণে দুর্নীতি ও স্বজনপ্রীতি এবং লুটপাট বন্ধ করতে সকলের সম্বিলিত প্রতিবাদের মাধ্যমেই কৃষকের স্বপ্ন বাস্তবায়ন সম্বব। প্রেস বিজ্ঞপ্তি