স্টাফ রিপোর্টার
বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে ৪ ঘণ্টা বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ কৃষকরা। এসময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদকে লক্ষ্য করে পায়ের জুতাও নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধরা এসময় পূর্ব বীরগাঁওয়ের দক্ষিণ হাওরের রাঙ্গামাটিয়া বাঁধের ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া এবং ঠিকাদার ও পিআইসি’র শাস্তি দাবি করেন। এক পর্যায়ে সুনামগঞ্জের আওয়ামী লীগ নেতা অ্যাড.শফিকুল আলমকে ধাওয়া করে বিক্ষুব্ধরা। বিক্ষুব্ধদের কবল থেকে অ্যাড. শফিকুল আলমকে রক্ষা করার সময় পুলিশ ও কৃষকদের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সোমবার দুপুর সাড়ে ১২ টা থেকে বিক্ষুব্ধ কৃষকরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। বিকাল সাড়ে ৩ টায় অ্যাড. শফিকুল আলম এই পথ দিয়ে জগন্নাথপুর যাওয়ার সময় অবরোধস্থলে
গিয়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বক্তব্য দেন।
এসময় বিক্ষুব্ধ কৃষকরা ‘ঠিকাদারের দালাল দালাল’ বলে মারমুখী হয়ে অ্যাড. শফিকুল আলমকে ধাওয়া দেয়।
এই অবস্থায় বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এসে বিক্ষুব্ধ কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি কৃষকদের সকল দাবি দাওয়ার প্রতি একাত্মতা পোষণ করেন এবং রাঙামাটিয়া বাঁধের ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। বিকাল ৪ টায় পরিস্থিতি শান্ত হয়।
অ্যাড. শফিকুল আলম জানান, দক্ষিণ সুনামগঞ্জে কৃষকদের পক্ষেই কথা বলছিলেন তিনি। এক পর্যায়ে অবরোধ প্রত্যাহারের অনুরোধ করলে তারা ক্ষেপে যায় এবং মারমুখী হয়ে ওঠে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।


