বিশেষ প্রতিনিধি, শাল্লা থেকে ফিরে
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেনে,‘বাঁধ নির্মাণে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বাঁধ নির্মাণের প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয়, সময়মত বাঁধ নির্মাণ হয়, সেই ব্যবস্থা করা হবে।’ প্রধানমন্ত্রী বলেন,‘দেশে খাদ্য ঘাটতি হয়নি, দুর্যোগের অজুহাত দেখিয়ে কেউ যদি নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে, কোনভাবেই তা বরদাস্ত করা হবে না।’ তিনি ত্রাণ কার্যক্রম ভালভাবে দেখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
রোববার বেলা ১১ টা ২ মিনিট থেকে ১১ টা ৩৫ মিনিট পর্যন্ত ৩৩ মিনিটব্যাপী সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহিদ আলী মডেল পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষক পরিবারের মধ্যে ৩৮ কেজি চাল ও ১০০০ করে নগদ টাকা দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন,‘প্রবল বৃষ্টি এবং পাহাড়ী ঢল আপনাদের নি:স্ব করে দিয়েছে। আপনাদের হতাশ হবার কিছু নেই, আমি আপনাদের পাশে আছি। অকাল বন্যার শুরুতেই হাওরাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানুষ কষ্টের মধ্যে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে। আগামী মৌসুমের জন্য সার বীজ কৃষকের হাতে তুলে দেওয়া হবে। বকেয়া ঋণের সুদ মওকূপ এবং ঋণের সুদের হার অর্ধেক নামিয়ে আনা হবে। গো-খাদ্যের ব্যবস্থাও করা হবে। ইউনিয়ন পর্যায় পর্যন্ত ও এমএস’র ডিলার নিয়োগ করে ১৫ টাকা কেজি’র চালের নিশ্চয়তা দেয়া হবে।’
প্রধানমন্ত্রী বলেন,‘গোপালগঞ্জ এবং সুনামগঞ্জের অবস্থা অভিন্ন। গোপালগঞ্জে রয়েছে বিল-বাওর, সুনামগঞ্জ হচ্ছে হাওরের জেলা। এজন্যই আমি আপনাদের কষ্ট বুঝি’।
তিনি বলেন,‘হাওরাঞ্চলের জেলেদের বাঁচানোর জন্য হাওরে পোনা অবমুক্তকরণ, মাছ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণের
ব্যবস্থা করা হবে। নদী-খাল খনন করার উদ্যোগ নেওয়া হবে। হাওর এবং হাওরের কৃষককের বাঁচাতে ধানের উপর গবেষণা হচ্ছে। কম মেয়াদের ধান, খড়া সহিষ্ণু ধান, লবনাক্ত সহিষ্ণু ধান চাষ করতে হবে। ঝুঁকি কমাতে হবে। সুনামগঞ্জের এক ফসলি এলাকায় অন্যান্য ফসল যেমন ডাল ও শাকসবজী আবাদ করতে হবে। ভাসমান খামার বানিয়ে সবজী উৎপাদনের চেষ্টা করতে হবে। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং প্রকৃতিকে কাজে লাগাতে হবে। দুর্যোগের মোকাবেলা করেই বাঁচতে হবে।’ 
তিনি বলেন,‘একটা অঞ্চলে খাদ্য উৎপাদন বন্ধ হলেই খাদ্য সংকট লাগবে না। খাদ্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ং সম্পুর্ণ। আমি জাতির জনকের মেয়ে বলছি, আমি আপনাদের পাশে থাকবো, একজন মানুষও না খেয়ে থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন,‘হাওরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার জন্য হাওরে আবাসিক স্কুল হবে। দুর্দশাগ্রস্ত কৃষক পরিবারের শিক্ষার্থীদের যেসব সহযোগিতা প্রয়োজন সব কিছুই করা হবে। হাওরাঞ্চলে বিদ্যুৎ লাইন বাড়ানো হবে যাতে যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ পৌঁছে। ঘরবাড়ি যাতে নষ্ট না হয়, সেই ব্যবস্থাও করা হবে। যতদিন পর্যন্ত কৃষকের ঘরে খাদ্য না আসবে, ততদিন পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচী চলবে।
জাতির জনক বঙ্গবন্ধু’র কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন,‘স্বাধীন বাংলাদেশকে একটি মর্যাদার আসনে নিয়ে যাবার জন্য জাতির জনক অনেক স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন। ৭৫’এর ১৫ আগস্ট তাঁকে স্বপরিবারে হত্যা করা হলো, আমার ছোট্ট ভাই রাসেলসহ আমার ৩ ফফুর বাড়িতে একসঙ্গে হত্যাযজ্ঞ চালিয়ে পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হলো। আমরা দুই বোন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে ছিলাম। অনেক দিন আমরা দেশে আসতে পারিনি। দেশের মানুষের বিশেষ করে আমার বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি এসেছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি দেশের মানুষের মুখে হাসি দেখতে চাই। একটি শিশু যেন লেখা পড়ার বাইরে না থাকে, একটি মানুষও যেন না খেয়ে না থাকে সেটি আমি দেখতে চাই। আমি আপনাদের পাশে আছি, দুর্যোগকে মোকাবিলা করতে আমরা সকলে একসঙ্গে নেমেছি।’
প্রধানমন্ত্রী বলেন,‘একটি পরিবারও গৃহহীন থাকবে না। সকল এলাকা হবে ভিক্ষুকমুক্ত।’ তিনি বলেন,‘গণমাধ্যমে দেখেছি অনেক এনজিও ঋণ ও ঋণের সুদ আদায়ের চেষ্টা করছেন। আমি এনজিও ব্যুরোকে পরামর্শ দেব, এনজিওরা যাতে হাওরাঞ্চলে এসময় ঋণ আদায়ের চাপ না দেয় সেই ব্যবস্থা করতে।’
পরে প্রধানমন্ত্রী ভাটি যাত্রাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মধ্যে ১০০০ করে টাকা ও ৩৮ কেজি করে চাল বিতরণ করেন।
প্রধানমন্ত্রী ১০ টা ৪ মিনিটে শাল্লায় এসে অবতরণ করেন। ১০ টা ১৬ মিনিটে শাহিদ আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মঞ্চে আসেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরপ্রতীক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা এমপি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।


