দিরাই প্রতিনিধি
জেলা প্রশাসক আবদুল আহাদ বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে অনিয়ম সহ্য করা হবে না। কোনো ধরনের অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার চলতি বোরো মৌসুমে হাওরের ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষার জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষকের ফসল ঘরে তোলা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। এ নিয়ে লুকোচুরি করা যাবে না। রবিবার সুনামগঞ্জের দিরাই সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় তিনি এসব কথা বলেন।
৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফি উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার ড. আহসান হাবিব। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, মেয়র মোশাররফ মিয়া, প্রধান শিক্ষক জাফর ইকবাল, সব্যসাচী দাস চয়ন। এরপর জেলা প্রশাসক বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


