বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পরিচিত করাই সরকারের লক্ষ্য-লন্ডনে অর্থমন্ত্রী

মতিয়ার চৌধুরী
২০২৪/২০২৫ সালে বাংলাদেশে আর কোন গরীব থাকবেনা। দারিদ্রতাকে জয় করে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বে পরিচিত করাই এই সরকারের লক্ষ্য। মানুষের মঙ্গল করাটাই হলো এই সরকারের মূল লক্ষ্য, বর্তমানে দেশের ৭০ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে দেশের শতভাগ মানুষ যাতে বিদ্যুৎ সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।  আগামী বছর থেকে শিল্পখাতে আরো গ্যাস সংযোগ দেয়া হবে। আমি যখন এই সরকারের অধীনে বাজেট প্রথম ঘোষণা করি তখন ছিল আমাদের জাতীয় বাজেট ৯৫ হাজার কোটি টাকা।  আগামী বছর বাজেট তা হবে তিন লক্ষ ৪০ হাজার কোটি টাকা পরবর্তিতে তা হবে পাঁচ লক্ষ কোটি টাকা। আমাদের খরচ বাড়ানোর মূল লক্ষ্য হলো মানুষের মঙ্গল করা। বাজেট বৃদ্ধি করে সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ কয়েকটি খাতে ভর্তুকি দিচ্ছে এর মাধ্যমে যাতে দেশের মানুষের মঙ্গল হয়। এ মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। ১২ ফেব্রুয়ারী দুপুরে ইষ্টলন্ডনের ইমপ্রেশন ভ্যানুতে যুক্তরাজ্য আওয়ামীলীগ আয়োজিত নাগরিক সংর্ধনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব কথা বলেন।
তিনি বলেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যাতে সব ফ্লাইট উঠা নামা করতে পারে বিমানের রানওয়ে সম্প্রসারন সহ বিমান বন্দরের উন্নয়নে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন বৈদেশিক বিনিয়াগকে আকৃষ্ট করতে আমরা সবধরণের সুযোগ সুবিধা প্রদান করছি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে এম আব্দুল মোমেন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য আওয়ামী ওলামা লীগের আহবায়ক মৌলানা কুতুব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়া আরো বক্তব্য রাখেন ইউকে আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সাবেক কাউন্সিলার সাজ্জাদ মিয়া, ইউকে আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি শামসুদ্দিন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, সিতাব চৌধুরী প্রমুখ।
মানপত্র পাঠ করেন সাংবাদিক সরওয়ার কবীর।
প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী বলেন, মুহিত সাহেব শুধু অর্থমন্ত্রী নন, শুধু অর্থমন্ত্রী বললে তাঁকে ছোট করা হবে। তিনি হচ্ছেন উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার। এর বাইরেও তার পরিচিতি রয়েছে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং একজন ভাষা সৈনিক ১৯৫৫ সালে আমরা একত্রে জেল খেটেছি। সেই থেকে তার সাথে আমার সম্পর্ক। গফ্ফার চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এনেছেন দেশের অর্থনৈতিক উন্নয়ন করেছেন সিলেটিরা এরা হলেন আবুল মাল আব্দুল মুহিত, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া এবং বিএনপি আমলে অর্থ মন্ত্রী ছিলেন সিলেটের এম সাইফুর রহমান। সাইফুর রহমানের সাথে আমার পরিচয় না থাকলেও কিবরিয়া সাহেব এবং মুহিত সাহেবের সাথে আমার আত্মার সম্পর্ক। গাফফার চৌধুরী আরো বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে ড.এ কে এম আব্দুল মোমেনের অবদান খাটো করে দেখার উপায় নেই। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে তিনি দেশকে অনেক এগিয়ে নিয়েছেন। আমি তাঁকে আগামীতে একজন মন্ত্রী এবং জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। ড. এ কে এম আব্দুল মোমেন বলেন বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা বাংলাদেশে তখন গ্রোথ ৬.৫% এখন ৭.১% আর তা সম্ভব হয়েছে আবুল মাল আব্দুল মুহিতের মতো একজন অভিজ্ঞ অর্থমন্ত্রীর কারণে। সকল বাধা বিপত্তি অতিক্র করে বাংলাদেশকে একটি অর্থনৈতিক মডেল দেশ হিসেবে পরিচিত করতে তিনি কাজ করছেন।  
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা সহ সকল সুযোগ সুবিধা প্রদান করছে আগামীতে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিবে সরকার।