বাংলাদেশের করোনা সংক্রমণ কমিউনিটি পর্যায় পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

সু.খবর ডেস্ক
বাংলাদেশের করোনা সংক্রমণ কমিউনিটি পর্যায় পৌঁছেছে। এখন কেউ নিয়ম না মানলে আরও বেশি সংক্রমিত হবে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ কথা স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন মানুষ পুরোপুরি মেনে চলছে না। লকডাউন জোড়াল করতে হবে। বাইরে বাজারে মানুষ ঘোরাফেরা করছে। আমাদের এই জিনিসটি পরিহার করতে হবে।
তিনি আরও বলেন, আমরা আমাদের হাসপাতালকে প্রস্তুত করছি। তবে আমাদের বুঝতে হবে হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিতসা কোন দেশেই দেওয়া সম্ভব নয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাই আমাদের কোভিড – ১৯ মোকাবেলার মূল ৩টি অস্ত্র হল ঘরে থাকা, ঘরে থাকা এবং পরীক্ষা করা।
দেশে করোনা ভাইরাসে রোববার (১২ এপ্রিল) থেকে সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৫৭০ টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩৯।