যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের একটি অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জমা রাখা প্রায় ৮০০ কোটি টাকা লোপাট হয়েছে। ঘটনাটি প্রায় এক মাস আগের হলেও বাংলাদেশ ব্যাংক গত পরশু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে আমাদের আশ্বস্ত করে বলা হয়েছে, এরই মধ্যে অ্যাকাউন্ট হ্যাক করে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে, বাকি টাকা কোথায় গেছে তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট এ বিষয়ে তদন্ত করছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সব তথ্য এ মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। অর্থমন্ত্রী বলেছেন, এই হ্যাকিংয়ের দায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সিস্টেমের; প্রয়োজনে তাদের বিরুদ্ধে বাংলাদেশ মামলা করবে। আমরা অর্থমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত বোধ করতে চেষ্টা করছি।
হ্যাকিংয়ের ঘটনাটি বিভিন্ন কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ ব্যাংক স্বশাসিত প্রতিষ্ঠান হলেও এরূপ একটি স্পর্শকাতর বিষয় অর্থমন্ত্রীকে যথাসময়ে অবহিত করা হবে না, এটি অবিশ্বাস্য। প্রকাশিত খবরে জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি ফিলিপাইনের একটি দৈনিক পত্রিকায় এ বিষয়ে খবর বেরিয়েছে। অপর দেশের গণমাধ্যমে প্রকাশিত এরূপ একটি গুরুত্বপূর্ণ সংবাদ যথাসময়ে অর্থমন্ত্রীকে অবহিত না করার গ্রহণযোগ্য যুক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এছাড়াও বেশ কিছুদিন ধরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দেশে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে দেশি-বিদেশি প্রতারক চক্র দেশের অভ্যন্তর থেকে বিভিন্ন ব্যক্তির টাকা আত্মসাৎ করেছে। এ অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজন অপরাধীর সঙ্গে সঙ্গে ব্যাংকে কর্মরত আইটি বিশেষজ্ঞদেরও আটক করা হয়েছে। প্রায় ১০০০ নকল এটিএম কার্ড বিমানবন্দরে ধরা পড়েছে।
এসব বিষয় একত্রে বিবেচনা করলে মনে হয় যে বর্তমানে তথ্যপ্রযুক্তির অভাবিত উন্নতি সত্ত্বেও দেশের এবং জনগণের স্বার্থরক্ষা করার উপযুক্ত ও কার্যকর তথ্যপ্রযুক্তি ব্যবহারে আমাদের সক্ষমতা তৈরি হয়নি। কৌশলগত ও মানবসম্পদ উন্নয়ন-উভয় ক্ষেত্রেই আমরা আশঙ্কাজনকভাবে পিছিয়ে রয়েছি। তথ্যপ্রযুক্তি ব্যবহারের উপযোগিতা এবং প্রয়োজন অনস্বীকার্য। তবে এরূপ পিছিয়ে থাকা অবস্থায় প্রযুক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা আমাদের সামগ্রিক ব্যাংকিং খাতকে কতখানি ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে তা বিশেষভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন।
আন্তর্জাতিক আর্থিক লেনদেনে তথ্যপ্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প এখন আর নেই। কিন্তু একই সঙ্গে প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা অধিকতর গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অর্থনীতিতে ক্রমশ: উল্লেখযোগ্য উন্নতি করছে। ফলে বাংলাদেশের আর্থিক সম্পদের প্রতি দেশি-বিদেশি অপরাধীদের লোভাতুর দৃষ্টি পড়া অসম্ভব কিছু নয়। নিজেদের আর্থিক সম্পদ রক্ষার ক্ষেত্রে কেবল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের ওপর দায় চাপানোই যথেষ্ট নয়, নিজেদের আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ও উদ্যোগ নিজেদেরই নিতে হবে।
এ বিষয়টি মাথায় রেখে আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিনিয়ত এ ক্ষেত্রে উন্নতি করতে হবে। তফসিলি ব্যাংকগুলোকে যেমন বাংলাদেশ ব্যাংকের কাছে দায়বদ্ধ করতে হবে, তেমনি বাংলাদেশ ব্যাংককেও সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ হতে হবে। কোন কারিগরি প্রক্রিয়ায় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করেছে সেটির বর্ণনা হয়তো গুরুত্ব বহন করে, কিন্তু এ ধরনের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক কী ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল এবং ভবিষ্যতে কী পদক্ষেপ গ্রহণ করবে তা জানার অধিকার অবশ্যই জনগণের রয়েছে।

