দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারে আগুন লেগে ৬টি দোকান ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান ব্যবসায়ীরা। তবে অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার রাত ১০টায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাতে লিয়াকতগঞ্জ বাজারের শাখাওয়াতের লেপ তুষকের দোকানের বিদ্যুতে শর্টসার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকা-ে হারুন মিয়ার মুদি দোকান, আব্দুর রহমানের পারটেক্স দোকান, আব্দুল কাদিরের ওষুধের ফার্মেসি, বাচ্চু মিয়ার ফার্নিচারের দোকান ও আইয়ুব আলীর চা দোকান পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক বলেন, অগ্নিকা-ে ৬ দোকান ভষ্মিভূত হয়েছে। যাদের দোকান ঘর পুড়ছে তারা এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। তাদেরকে আর্থক সহযোগিতা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছি।


