বাঘমারায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, ঘটনাস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যও আসামী

স্টাফ রিপোর্টার

জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে সুরমা ইউনিয়নের বাঘমারায় দুই সহোদর পরিবারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় মঙ্গলবার পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। এক পক্ষের অভিযোগে পুলিশ সদস্য মোহাম্মদ হাফিজুর রহমান (মানিক) কে অভিযুক্ত করা হয়েছে।

এলাকাবাসী জানান, সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামের দুই সহোদর মনিরুজ্জামান ও আক্তারুজ্জামানের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে সোমবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার উভয় পক্ষ সদর থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে আক্তারুজ্জামানের ছেলে রফিকুজ্জামান রুহেল’র দায়ের করা অভিযোগে চাচাতো ভাই পুলিশ সদস্য মোহাম্মদ হাফিজুর রহমানকেও অভিযুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এ ঘটনায় পৃথক পৃথক দুটি অভিযোগ দায়ের হয়েছে। সরেজমিনে এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা জেনেছি পুলিশ সদস্য হাফিজ ঘটনার দিন থেকে চারদিন তার গ্রামের বাড়িতে ছিলেন না।