সু.খবর ডেস্ক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, গত বছরে রাজস্ব আদায় ছিল নিম্নমানের। কিন্তু আপনারা যদি আগের বছরে দেখেন সেটা সব সময় দুই ডিজিটের বেশি ছিল। গতবারে কম হয়েছে। রাজস্ব আদায়ের ক্ষমতা ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। নতুন নতুন অফিস হয়েছে, জনবল নিয়োগ দেওয়া হয়েছে। আশা করছি এ লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রারম্ভিক বক্তব্য না দিয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে কথা বলেন। এ সময় তিনি কয়েকটি সংবাদের সমালোচনা করেন।
এরপর অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করার আহ্বান জানান।
প্রসঙ্গত, ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৪ শতাংশ এবং মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা, যা জিডিপির ১২ দশমিক ৪ শতাংশ। এতে ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা।


