সু.খবর ডেস্ক
জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান বলেছেন, আর্থিক সেক্টর গত সাত বছরে তছনছ হয়ে গেছে। সাত বছরে ৩০
হাজার কোটি টাকা কিছু সিন্ডিকেটের মাধ্যমে লুণ্ঠন করা হয়েছে। কিন্তু কোনো বিচার করা হয়নি। পুঁজিবাজার থেকে ১৫ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, নিঃস্ব হয়ে গেছে সাধারণ বিনিয়োগকারীরা। কাউকেই বিচারের আওতায় আনা হয়নি। এসব লুণ্ঠনকারীর হাত রাষ্ট্রের চেয়ে লম্বা হতে পারে না।
সোমবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে হত্যার উৎসব হয়েছে। মনোনয়ন বাণিজ্যের কারণে গুলিবিদ্ধ নির্বাচন হয়েছে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাজেট বক্তৃতায় বলেন, প্রযুক্তি গ্রহণের হার সারা বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি দৃষ্টান্ত। দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ–সুবিধা ভোগ করছে, ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করছে। মোবাইল ব্যাংকিংয়ে সারা বিশ্বে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে ৫০০ কোটি টাকা লেনদেন হচ্ছে। ২০২১ সালের মধ্যে আইসিটি খাত থেকে বাংলাদেশের রপ্তানির লক্ষ্যমাত্রা ৫০০ বিলিয়ন ডলার।
তরিকত ফেডারেশনের এম এ আউয়াল বলেন, দেশবিরোধী নানা চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। নতুন আলামত গুপ্তহত্যা। দেশকে বিভক্তির মুখে ঠেলে দিতে অপরাজনীতি করছে।


