বাণীতলা ৩ দিনব্যাপী মহোৎসব শুরু আজ

ছাতক প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বিদের তীর্থস্থান ছাতকের পীরপুর গ্রামের বাণীতলা আশ্রমে আজ মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী মহোৎসব শুরু হবে। মঙ্গলবার রাতে বাণী সেবাশ্রমে অধিবাসের মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন উৎসব উদযাপন কমিটির সভাপতি পংকজ কান্তি চৌধুরী ও সাধারন সম্পাদক রঞ্জিত দাস। উৎসবকে কেন্দ্র করে প্রতিবছর উদযাপন কমিটির উদ্যোগে এখানে বসানো হয় মেলা। উৎসব অঙ্গন সংলগ্ন মাঠে মেলায় রকমারী বিভিন্ন ধরনের পশরা নিয়ে বসা শতাধিক দোকান উৎসবের আকর্ষন আরো বৃদ্ধি করে। গত দু’দিন ধরে উৎসব অঙ্গন সংলগ্ন মাঠে চলছে মেলার আয়োজন। প্রতিবছর ঐতিহাসিক বাণী সেবাশ্রমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্ণার্থীরা আসেন বিভিন্ন মন বাসনা পূরন করতে। বিশেষ করে নবজাতক ও শিশুদের কল্যাণের জন্য তাদের মাথা মুন্ডন করে সেই চুল বাণীতলায় দেয়া হয় মানত হিসেবে। মাথা মুন্ডনের জন্য উদযাপন কমিটির পক্ষে থেকে আশ্রমস্থলে পর্যাপ্ত ব্যবস্থাও রাখা হয়। শ্রী শ্রী ঠাকুর বাণী নাথের আর্বিভাব উপলক্ষে বাণী সেবাশ্রমে অষ্টপ্রহর লীলা সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর কীর্ত্তন পরিবেশন করবেন রমেন্দ্র নারায়ন দাস, সুবোধ দাস, গোবিন্দ চক্রবর্ত্তী, স্বপন মালাকার, সুমি রানী দাস সহ দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়াগণ। উৎসব সফল ও আনন্দঘন করতে বরাবরের মতো আয়োজক কমিটির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীসহ জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।