ধর্মপাশা প্রতিনিধি
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলনে ধর্মপাশা ডিগ্রি কলেজের পাশাপাশি বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের পরীক্ষার্থীদের কাছ থেকেও অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, এ বছর বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে ৩২৪জন, বিজ্ঞান বিভাগে ছয়জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত সোমবার দুপুর থেকে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা কেন্দ্রের খরচ মেটানোর কথা বলে নিয়ম বহির্ভূতভাবে দুইশত টাকার বিনিময়ে প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে। অপরদিকে ধর্মপাশা ডিগ্রি কলেজে ৩০০ টাকার বিনিময়ে প্রবেশপত্র বিতরণ অব্যাহত রয়েছে।
বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার জানান, পরীক্ষা কেন্দ্র চালাতে গিয়ে টাকা খরচ হয়, তাই গভর্নিং বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী এ টাকা আদায় করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, প্রবেশপত্র বিতরণের সময় টাকা আদায় করা সম্পূর্ণভাবে বেআইনি।
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া তাফাদার জানান, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
- দ. বাদাঘাট ইউপি যুবলীগের সম্মেলন সভাপতি শামসুল সম্পাদক বকুল
- ধর্মপাশায় আ.লীগ নেতার বিরুদ্ধে সওজের গাছ কাটার অভিযোগ থানায় মামলা, আটক ১

