সালেহ আহমদ, বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে মনোনয়ন পেতে দৌঁড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন বাগাতে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে আওয়ামী লীগের ৬ জন , বিএনপির ২, জাপা’র ১, ইসলামী ঐক্যজোটের ১ ও স্বতন্ত্র ১জন সহ মোট ১১ জন প্রার্থী রয়েছেন। দলীয় নীতি নির্ধারকদের সন্তুষ্টি ও সমর্থন পাওয়ার জন্য দলীয় কর্মকাণ্ডে নিজেদের অংশগ্রহণ এখন আগের যেকোন সময়ের চাইতে তারা বাড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তারা দলীয় নেতৃত্বের নেকনজরে আসার চেষ্টা করছেন।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হাই খোকন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মহরম আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল গণি, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার আজাদ ও আওয়ামী লীগ নেতা আখলাকুল হক শিউল। বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া ও হাজী আব্দুল বাছিত, জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. এরশাদ আহমেদ হৃদয়, ইসলামী ঐক্যজোটের একক প্রার্থী হিসেবে মাও. আমিন উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মো.তারা মিয়া প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান বলেন, ‘দলের ত্যাগী ব্যক্তি হিসেবে আমি দলীয় মনোনয়নের দাবিদার। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে বিশ্বাসী । আমি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, উপজেলা আ. লীগের সাবেক সহ সভাপতি, দুই বার ইউপি চেয়ারম্যান হিসেবে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সে হিসেবে আমি দলীয়ভাবে মনোনয়ন পাব বলে আশা করি।’
আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হাই খোকন বলেন,‘আমি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের একজন সৈনিক। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম। আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে বহুবার নির্যাতন ও লাঞ্ছনার শিকার হয়ে ওয়ান ইলেভেনে কারাবরণ করেছি। কেউ আমাকে দাবিয়ে রাখতে পারেনি। সার্বিক দিক বিবেচনা করলে দল আমাকে মনোনয়ন দিবেন এই আশা রয়েছে।
ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মহরম আলী বলেন,‘দলকে সুসংগঠিত রেখে নিষ্ঠার সাথে আওয়ামী রাজনীতি করে আসছি। দলীয় সকল নির্দেশনা ও নিয়মনীতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জনগণের সেবা করে আসছি। আমার দৃঢ় বিশ্বাস দলীয়ভাবে আমাকে মনোনীত করা হবে।’
আওয়ামী লীগ নেতা আব্দুল গণি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে নবীন প্রজন্মের এগিয়ে আসা প্রয়োজন। আমি আওয়ামী লীগের রাজনীতিতে বিশ্বাসী নবীন প্রজন্ম হিসেবে মনোনয়ন পাওয়ার দাবিদার।’
আওয়ামী লীগের অপর নেতা মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার আজাদ বলেন,‘একাত্তরের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নিয়ে শত্রুর মোকাবিলা করেছি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে জুলুমবাজদের বিরুদ্ধে অসহায় দরিদ্র শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন করেছি, জেল খেটেছি, আমার জীবনটাই দেশ ও সমাজের জন্য বিলিয়ে দিয়েছি। আমার আশা আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাব।’
উপজেলা আওয়ামী লীগ নেতা আখলাকুল হক শিউল বলেন,‘সাধারণ জনগণের ভালবাসা পেয়েছি। নির্বাচনে অংশগ্রহণের জন্য জনগণের উৎসাহে এগিয়ে এসেছি। আমার প্রতি জনগণের আন্তরিক ভালবাসা রয়েছে।’
বিএনপির মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান অ্যাড. ছবাব মিয়া বলেন, ‘আমি একজন আইনজীবী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ পর্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে ও সৎভাবে জনগণের সেবা করে যাচ্ছি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দলীয় ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে আন্তরিকতার সহিত কাজ করেছি। দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেইনি। সেদিক বিবেচনা করলে দলীয়ভাবে আমিই মনোনয়ন প্রত্যাশি।
বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশি হাজী আব্দুল বাছিত বলেন, ‘আমি ছাত্র জামানা থেকেই বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। কোন সময়ই বিএনপির আদর্শের বাইরে যাইনি। দল থেকে আমাকে মনোনয়ন প্রদান করবে এই লক্ষ্যেই মাঠে কাজ করে যাচ্ছি। দলীয় নিয়মনীতি ও শৃঙ্খলা বজায় রেখে নিষ্ঠার সাথে দলীয় কর্মকাণ্ডে আত্মনিয়োগ করে আসছি। দলের সিদ্ধান্ত পেলে আমি নির্বাচন করতে প্রস্তুত।’
জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো. এরশাদ আহমেদ হৃদয় একক প্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইসলামী ঐক্যজোটের একক প্রার্থী হিসেবে মাও. আমিন উদ্দিন নির্বাচনী প্রচারণায় লিপ্ত রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মো.তারা মিয়া নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।


