সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ রেজিঃ নং চট্টঃ২৩৫৫-এর সভা থেকে ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বোমা-ড্রেজার-শ্যালো মেশিন বন্ধের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর গ্রামে বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বাদল সরকার।
সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অদুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান ও কোষাধ্যক্ষ
আব্দুল কাদির প্রমূখ।
সভায় বক্তারা বলেন,‘ গত প্রায় ৪ মাস হতে কর্মহীন হয়ে বারকি শ্রমিকরা মানবেতরভাবে জীবনযাপন করছেন। শ্রমিকরা বারবার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি অধিনায়কসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে আবেদন করে পরিবেশ বান্ধব উপায়ে হাতের সাহায্যে নদী থেকে বালু পাথর উত্তোলনের সুযোগ প্রদানের দাবি জানিয়েও কোন প্রতিকার পাননি। উপরন্তু নদীতে অবাধে পরিবেশ বিধ্বংসী বোমা-ড্রেজার চলছে। গত ১৭ জুন জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্দ্বতন কর্মকর্তাগণ ডলুরা সীমান্তে জিরো পয়েন্ট থেকে ৩০০ গজ ভিতরে বালু পাথর উত্তোলনের জন্য বারকি শ্রমিকদের সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু দুই দিন নির্ধারিত সীমানায় কাজ করার পরে নানা রকম ছলছাতুরির আশ্রয় নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আবার বারকি শ্রমিকদের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেই সময় প্রশাসনের সাথে অবৈধ যোগসাজসে বোমা-ড্রেজারের বিকল্প হিসেবে নৌকায় শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে অবাধে বালু-পাথর উত্তোলন শুরু হয়। প্রশাসনের নির্বিকার ভূমিকায় বারকি শ্রমিকরা অসহায় হয়ে পড়েন। সর্বশেষ গত ১৮ জুলাই জেলা প্রশাসকের নেতৃত্বে ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ১০ টি নৌকা জব্দ করা হয়। কিন্তু ভুক্তভোগী শ্রমিকরা মনে করছেন এসব অভিযান আসলে লোক দেখানো, তাতে কাজের কাজ কিছুই হবে না। কারন অতীতেও এধরনের অভিযানে কোন কাজ হয়নি। তাই শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে সমস্যার সমাধানের লক্ষ্যে অগ্রসর হতে হবে। সভায় এক প্রস্তাবে আগামী ২৩ জুলাই মধ্যরাত থেকে ২১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে কর্মবিরতির প্রতি একাত্মতা প্রকাশ করে অবিলম্বে নৌযান শ্রমিকদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি আহবান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
- শিক্ষক লাঞ্ছিত, সভাপতির পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা
- সরকার মৎস্যজীবীদের গুরুত্ব দিয়ে নিবন্ধনের আওতায় এনেছে -মানিক


