বালু উত্তোলন ঠেকাতে নদীতীরে লাল নিশান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
যাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন ঠেকাতে নদীর উভয় তীরে লাল নিশান টানিয়ে দিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। শনিবার তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশীলদার যাদুকাটা নদীর উভয় তীর পরিমাপ ও জড়িপ কাজ সম্পন্ন করে নদীর উভয় তীরে লাল নিশান টানিয়ে দিয়েছেন। নদীর পশ্চিমপাড় গড়কাটি হতে মাহারাম এবং পূর্বপাড় বিন্নাকুলি হতে লাউড়েরগড় পর্যন্ত ৫শ বাঁশের মাথায় লাল নিশান বেঁধে নদীর উভয় তীরে তা স্থাপন করে দেয়া হয়েছে। নদীর উভয় তীর থেকে ৫০ ফুট দূরত্বে লাল নিশান স্থাপন করা হয়।
যাদুকাটা নদীতে প্রায় ১০ হাজার বালুপাথর শ্রমিক প্রতি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি এক শ্রেণীর অসাধুচক্র রাতের বেলা নদী তীর কেটে বালু উত্তোলন করে আসছিল। এরই প্রতিবাদে নদী তীরবর্তী বাসিন্দারা তাদের ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ও মৌখিক অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে থানা পুলিশ সপ্তাহকাল ধরে যাকুকাটা নদীতে বালিপাথর উত্তোলন কাজ বন্ধ রেখেছিল। শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলা প্রশাসনের আহবানে উপজেলা পাবলিক লাইব্রেরিতে বালুপাথর উত্তোলনকারী শ্রমিক, ব্যবসায়ীদের নিয়ে আলোচনায় সিদ্ধান্তক্রমে শনিবার যাদুকাটা নদীর উভয় তীরে লাল নিশান স্থাপন করা হয়।
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন   বলেন, ‘তাহিরপুর উপজেলা প্রশাসনের এ  উদ্যোগের ফলে বালুপাথর শ্রমিকরা এখন থেকে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করতে পারবেন।’
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্নেন্দু দেব বলেন, ‘নদী তীর কেটে বালু উত্তোলন ঠেকাতে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে।’