বিশেষ প্রতিনিধি, মো. আসিক মিয়া ও এমএ রাজ্জাক
বাল্যবিয়ে ঠেকাতে লাখো কণ্ঠে লালকার্ড দেখানোসহ সুনামগঞ্জ জেলা প্রশাসন নানামুখী উদ্যোগ গ্রহণ করলেও নোটারী পাবলিকসহ বিভিন্ন অনৈতিক পন্থায় জেলার কোথাও কোথাও বাল্য বিয়ে হচ্ছে। গতকাল বুধবারও নোটারী পাবলিকের মাধ্যমে হওয়া বাল্যবিয়ে প- করে দুই আইনজীবীর মুচলেখা নিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গত এক মাসে জেলার বিভিন্ন উপজেলায়ও নোটারি পাবলিকের মাধ্যমে অনেকগুলো বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।
এক মাস আগে তাহিরপুর সীমান্তের চারাগাঁও গ্রামের কিশোরী হাওর বাংলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী’র বিয়ের আয়োজন করা হয় একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে নব মিয়ার সঙ্গে। বিষয়টি জেনে স্থানীয় ইউপি সদস্য হাসান মিয়া বাধা দেন। পরে সুনামগঞ্জে এসে কৌশলে নোটারি পাবলিকের মাধ্যমে এই বিয়ে সম্পন্ন করে দুই পরিবারের অভিভাবকরা।
উত্তর শ্রীপুর ইউনিয়নের ইউপি সদস্য হাসান মিয়া বলেন,‘আমরা এই বাল্য বিয়েতে বাধা দিয়েছিলাম। পরে তারা নোটারী পাবলিকের মাধ্যমে মাস খানেক আগে এই বিয়ে করিয়ে নেয়। বিষয়টি আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করার পর পুলিশ রইছ উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রীকে (বরের মা) আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু পরে কীভাবে ঐ মহিলা ছাড়া পায় আমার জানা নেই’।
২৫ দিন আগে একই ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের কিশোরী টেকেরঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে বড়ছড়া গ্রামের খলিল খান’এর ছেলে আব্দুল্লা খানের বিয়ের আয়োজন হয়। স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য সখিনা খাতুনসহ এলাকার সচেতনরা বিয়েতে বাধা দেওয়ায় ওখানে বিয়ের আয়োজন বন্ধ হয়ে যায়। কিন্তু পরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।
ইউপি সদস্য সখিনা খাতুন বলেন,‘আমরা বাল্যবিয়ে ঠেকিয়েছিলাম, পরে নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কাগজ করিয়ে আমাদের এনে দেখিয়ে উপহাস করা হয়েছে’।
দোয়ারাবাজার উপজেলার নৈনগাঁও গ্রামের কিশোরী দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শেণির শিক্ষার্থীকে ছাতক উপজেলার কাঠালপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে সেবুল মিয়ার সঙ্গে গত ৯ ডিসেম্বর বিয়ে দেবার আয়োজন করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানানোর পর থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে
গিয়ে বাল্যবিয়ে ঠেকান। কিন্তু দুই দিন পর শনিবার শুনা যায় মেয়েটির বিয়ে হয়ে গেছে’।
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় বলেন,‘এই বাল্য বিয়ে ঠেকাতে আমি নিজে গিয়েছিলাম। গরু জবাই আটকিয়ে, বর পক্ষকে ফোনে আটকিয়ে, বিয়ের সকল আয়োজন প- করে দিয়ে এসেছিলাম। দু’দিন পরে শুনলাম ছাতক না কি সুনামগঞ্জে গিয়ে এই বিয়ে সম্পন্ন হয়েছে’।
সদর উপজেলার মোহনপুর ইউপির পৈন্দা গ্রামে বুধবার নোটারি পাবলিকের মাধ্যমে হওয়া বাল্য বিয়ে প- করা হয়েছে। অবৈধভাবে বাল্যবিয়ের ঘোষণা এফিডেভিট করার জন্য দুই আইনজীবীকেও সতর্ক করে মুচলেখা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী অফিসার খবর পান জয়নগর স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে সালমান ইসলামের (২৬) বিয়ে সম্পন্ন হয়েছে নোটারি পাবলিকের মাধ্যমে। এই খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ইসরাত জাহান। পরদিন বুধবার অধিকতর তদন্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
তদন্তে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের প্রমাণ পাওয়ায় বর সালমান ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাল্য বিয়ের শিকার কনের মাতা হুসনে আরা বেগমকে নগদ এক হাজার টাকা অর্থদ- করা হয়। পরে আদালত মেয়েকে তার মায়ের জিম্মায় তুলে দেন। এছাড়াও নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করায় অ্যাড. কাউছার আলম ও অ্যাড. নাজমুল ইসলাম নাজমুলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে নিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে মুচলেখা রাখা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, ‘অনিয়মের মাধ্যমে বাল্য বিয়ে সম্পাদন করা ও একাজে সহযোগিতা করায় ২ আইনজীবীকে সতর্ক করে মুচলেখা রাখা হয়েছে’।
প্রসঙ্গত. গত ২৩ জানুয়ারি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ২৯৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী বাল্য বিয়েকে লালকার্ড দেখানোর মধ্য দিয়ে বাল্যবিয়েকে ‘না’ জানানোর কর্মসূচী দেশব্যাপি আলোচিত হয়।
এর আগে গত ৮ জানুয়ারি জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে কোন ভাবেই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের বয়স সংক্রান্ত হলফনামা সম্পাদন না করার জন্য জেলার সকল নোটারী পাবলিককে অনুরোধ জানানো হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ শায়েখ আহমদ বলেন,‘নোটারী পাবলিক একটি গুরুত্বপূর্ণ পদ। একজন প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট যে এফিডেভিট করতে পারেন, সেটি নোটারী পাবলিক করতে পারেন। সুতরাং প্রত্যেক নোটারী পাবলিককে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বয়সের এফিডেভিট করার ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড, শিক্ষার্থী হলে বিদ্যালয়ের সনদ অথবা সিভিল সার্জনের মতামত ছাড়া এফিডেভিট করা উচিৎ নয়’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘এফিডেভিট যারা করেন, তাঁদেরকে বয়সের ঘোষণা না দেবার জন্য ২ বার অনুরোধ করা হয়েছে। তাঁরাও কথা দিয়েছেন। এরপরও এটি হয়ে থাকলে দুঃখজনক। আমাদের অনুরোধ থাকবে, তাঁরা যেন এই কাজ থেকে বিরত থাকেন’।


