জামালগঞ্জ উপজেলাকে যেদিন বাল্য বিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করা হলো তার আগের দিন রাতে সদর ইউনিয়নের কামিনীপুরের অপ্রাপ্তবয়স্ক কন্যার সাথে চানপুরের এক ছেলের বিয়ে পড়ানোর ঘটনাটি কাকতালীয় নয় বরং এটিই আমাদের গ্রামীণ সমাজচিত্রের বাস্তবতা। কিন্তু এই বাল্য বিয়ে গোটা উপজেলাকে প্রশাসনিক উদ্যোগে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার কর্মকা-কে একটুও ম্লান করে না। বরং এইসব ঘটনা যাতে ক্রমশ হ্রাস পেয়ে একটা সময়ে শূন্যের কোঠায় নেমে আসে সেই লক্ষ্যপানেই কোন একটি নির্দিষ্ট এলাকাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। ঘোষণা দিয়ে রাখা অনেকটা দিব্যি কাটার মতো বিষয়। কেউ যখন দিব্যি দিয়ে ধূমপান ছেড়ে দেয় তখন সে পুনরায় ধূমপানে আসক্ত হতে বিবেকের তাড়নায় ভোগে। এই দিব্যি তখন ব্যক্তিকে ধূমপানের ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে বড় প্রেরণা হিসেবে ভূমিকা রাখে। এখন যখন বিভিন্ন ইউনিয়ন ও উপজেলাকে সাড়ম্বরে বাল্য বিবাহ মুক্ত বলে ঘোষণা করা হচ্ছে তখন ওই এলাকার প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক-ধর্মীয় নেতৃত্বের উপর দায়িত্ব এসে যায় যেকোন বাল্য বিবাহকে রুখে দেওয়া। এই দায়িত্ব পালনে যদি কেউ ভ্রষ্ট হন তখনই কেবল ঘোষনা দেয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রশাসন বা জনপ্রতিনিধিরা খবর পাওয়া মাত্র এরকম অপ্রাপ্ত বয়সের বিয়ে আটকে দিচ্ছেন। সংশ্লিষ্টদের আইনি দ-ও দিচ্ছেন। যদিও জামালগঞ্জে একটু ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। বিয়ে নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত যে কাজী বাল্য বিবাহ মুক্ত ঘোষণার মঞ্চে গরম বক্তব্য রেখেছেন তিনিই নাকি আগের রাতে আলোচিত বাল্য বিবাহটি পড়িয়েছেন, অভিযোগ এরকমই। তিনি অবশ্য অস্বীকার করে বলেছেন, তিনি নন-তার সহকারি বিয়ে পড়িয়েছেন। আমরা মনে করি তিনিই পড়ান অথবা তার সহকারীই পড়ান দায় আসলে তাকেই নিতে হবে। কারণ সহকারী কাজী তারই অধীনস্থ মাত্র। এরকম বিয়ে নিবন্ধনকারীরা যদি দ্বিমুখী আচরণ করেন তাহলে সমাজদেহ থেকে বাল্য বিবাহের মতো সামাজিক দুষ্টক্ষতকে উচ্ছেদ করা সত্যিকার অর্থেই কঠিন হয়ে যাবে।
যেকোন বিয়েতে কনে পক্ষ ও বর পক্ষের সাথে মধ্যস্থতাকারী, প্রস্তাবক, ইমাম, পুরোহিত ও কাজীগণের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এদের সকলের সম্মিলিত সচেতনতা ভিন্ন যুগ যুগ ধরে চলে আসা সামাজিক ব্যাধিটি দূর করতে ভীষণ বেগ পেতে হবে, এটি অবধারিত। তাই সরকার সংগত কারণেই বাল্য বিয়ে নিরোধে ইমাম, পুরোহিত ও কাজীদের উদ্বুদ্ধকরণে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রশিক্ষণ, সভা, কর্মশালা এরকম কর্মসূচীর মধ্য দিয়ে তাঁদেরকে সচেতন করা হচ্ছে। কোন অবিবেচক অভিভাবক যদি গো ধরে বসে থাকেন নিজের অপ্রাপ্তবয়স্ক সন্তানকে বিয়ে দিবেনই তখন ওই ব্যক্তিরা যদি রাজি না হন তাহলে কিছুতেই বিয়েটি চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না। বিয়ে পড়ানোর সাথে সংশ্লিষ্ট সকলকে তাই আমরা সামাজিকভাবে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই।
প্রশাসন বাল্যবিয়ের ব্যাপারে যে কঠোর অবস্থানে রয়েছেন সেটি বজায় রাখতে হবে। প্রত্যন্ত এলাকা হলেও খবর পাওয়ামাত্র অকুস্থলে ছুটে যেতে হবে। দ- দিতে হবে জড়িতদের আইন ভঙ্গ করার জন্য। মানুষকে আজ বুঝতে হবে ১৮ বছরের আগে কোন মেয়ে বা ২১ বছরের আগে কোন ছেলে মানসিক ও শারীরিকভাবে বিয়ের জন্য তৈরি থাকে না। এই বয়সটি লেখা পড়া করার উপযুক্ত সময়। সরকার অভিজ্ঞজনের পরামর্শ নিয়ে বিয়ের সর্বনি¤œ বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ ও ছেলেদের ক্ষেত্রে ২১ বছর নির্ধারণ করেছেন। আইনের এই বিষয়টি সমাজের সর্বস্তরে অবগত করে আইন পালনে বাধ্য করতে হবে।

