ধর্মপাশা প্রতিনিধি
সারাবিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক। সব ধরণের জনসমাগম নিষিদ্ধ। জনসমাগম না করেই বিতরণ করতে হবে ভিজিডির চাল। আর এই জনসমাগম যাতে না হয় সেজন্য ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ নিলেন ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মধ্যনগর ইউনিয়নের ১৯৬ জন উপকারভোগীর মাঝে ভিজিডির চাল বিতরণ। বিতরণের প্রথম দিনে তিনি ওই ইউনিয়নের ৪টি ওয়ার্ডের নৌকা ও পায়ে হেটে ৩০ কেজি করে ৮২ জন উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে ভিজিডির চাল পৌছে দিয়ে এসেছেন। পর্যায়ক্রমে তিনি অন্য উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়েও তাদের চাল পৌছে দিবেন। এসময় তাঁর সাথে ছিলেন তদারকির দায়িত্বে থাকা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, ইউপি সচিব মো. রুহুল আমিন প্রমুখ।
মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন,‘চাল বিতরণ করলে জনসমাগম হতো। আর জনসমাগম হলে করোনাভাইরাস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এই ভাইরাস যাতে সংক্রমিত না হয় সেজন্যই আমি কষ্ট করে হলেও তাদের চাল বাড়ি বাড়ি পৌছে দিয়েছি।’
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন,‘মধ্যনগর ইউপি চেয়ারম্যান সাহেবের চাল বিতরণে এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এই উদ্যোগটি উপজেলার অন্য ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ গ্রহণ করতে পারেন।’


